শের দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর দিল্লি! কোন কোন এলাকায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ?

প্রতিদিনই সকাল থেকে ঘন ধোঁয়াশার আস্তরণে ঢেকে যাচ্ছে রাজধানী দিল্লি। বিষাক্ত বাতাসে শ্বাস নেওয়া দায় হয়ে উঠেছে সাধারণ মানুষের জন্য। দিল্লির বাতাসের গুণমান (Delhi Air Pollution) ক্রমশ আরও অবনতির দিকে যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) বেড়ে পৌঁছে গিয়েছে ৩৭৩-এ, যা আগের দিন ছিল ৩৫০। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, AQI ৪০০ ছুঁলেই বাতাসের গুণমান সরাসরি ‘Severe’ বা ভয়াবহ পর্যায়ে পৌঁছে যাবে। এমতাবস্থায় রাজধানী কার্যত একটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। তবে আগামী রবিবার দিল্লি ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন, যা কিছুটা স্বস্তি দিতে পারে বলে আশা করা হচ্ছে।
দেশের দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর দিল্লি
দীপাবলির পর থেকেই দিল্লির বাতাস লাগাতার বিষাক্ত হয়ে উঠছে। গত শুক্রবার দেশের দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে দিল্লি। তালিকার প্রথম স্থানে রয়েছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের বল্লভগড়, যেখানে AQI রেকর্ড করা হয়েছে ৪০০। অন্যদিকে, গুরুগ্রামে দূষণের সূচক ছিল ৩২৪ এবং নয়ডায় ৩১৩—উভয় অঞ্চলেই বাতাসের মান ‘Very Poor’ বা খুব খারাপ পর্যায়ে রয়েছে।
দূষণের হটস্পট: কোন কোন এলাকায় পরিস্থিতি চরমে?
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (CPCB) তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, দিল্লির অন্তত ১৩টি এলাকায় দূষণের মাত্রা চরম সীমায় পৌঁছেছে। শুক্রবারের AQI তথ্য অনুযায়ী সবচেয়ে খারাপ পরিস্থিতি যেসব অঞ্চলে:
বসুন্ধরা এনক্লেভ: ৪২৯
ছাওলা: ৪২৭
ওয়াজ়িরপুর: ৪২৫
আনন্দ বিহার: ৪১৭
রোহিণী: ৪১১
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর: ৪০২
নর্থ ক্যাম্পাস ও আইআইটি: যথাক্রমে ৪৩০ ও ৪২৩
এছাড়া পাঞ্জাবি বাগে দূষণ সূচক ৪১০, জাহাঙ্গিরপুরীতে ৩৯৬ এবং বিবেক বিহার ও মুন্ডকায় প্রায় ৩৯০ রেকর্ড করা হয়েছে। বাতাসে ভেসে থাকা অতি ক্ষুদ্র ধূলিকণা বা PM2.5-এর পরিমাণ অতিরিক্ত বেড়ে যাওয়ায় এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মারাত্মক দূষণের নেপথ্যে কী কী কারণ?
আইআইটিএম (IITM)-এর তথ্য অনুযায়ী, দীপাবলির আগে থেকেই রাজধানীতে দূষণের পারদ চড়তে শুরু করেছিল। দিল্লির PM2.5 দূষণের প্রায় ৩১.৫ শতাংশের জন্যই দায়ী যানবাহনের ধোঁয়া। পাশাপাশি দিল্লি সংলগ্ন হরিয়ানা, পাঞ্জাব ও মধ্যপ্রদেশে নাড়া বা ফসলের অবশিষ্টাংশ পোড়ানো (‘Stubble Burning’), বর্জ্য পোড়ানো, বাজি এবং শিল্পক্ষেত্রের দূষণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছে, দীপাবলির আগেই রাজধানীর আশেপাশের অন্তত ৫৩৭টি জায়গায় খড় পোড়ানোর ঘটনা ঘটেছে।
রবিবারের বৃষ্টির দিকে নজর
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে। এর জেরে রবিবার দিল্লির বেশ কিছু অঞ্চলে হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে, যা দূষণ কিছুটা কমাতে সাহায্য করতে পারে। তবে শনিবার বইতে থাকা উত্তর-পশ্চিমমুখী হাওয়া পার্শ্ববর্তী রাজ্যগুলির খড় পোড়ানোর ধোঁয়া ফের রাজধানীতে টেনে আনতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।