গলায় আরবি হরফে খোদাই করা বিশেষ বার্তা! কান উৎসবের কোন পুরনো ছবি ঘিরে উত্তাল নেটপাড়া?

বলিউডে ধর্মীয় বাণী খচিত গয়না বা ফ্যাশন অনুষঙ্গ পরিধানকে কেন্দ্র করে বিতর্ক যেন থামছেই না। অভিনেত্রী কারিনা কাপুর খানের রেশ কাটতে না কাটতেই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন দীপিকা পাড়ুকোন। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে তাঁর ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবের একটি পুরোনো ছবি, যা ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা।
কান উৎসবের সেই পুরোনো ছবি ও গয়নার রহস্য
২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন দীপিকা পাড়ুকোন। সে সময় প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশ করা পোশাকে নজর কেড়েছিলেন তিনি। বিশেষ করে তাঁর গলার ‘লখনউ রোজ’ নামের রাজকীয় হারটি সকলের নজর কেড়েছিল।
মূল্যবান রত্ন ও আনকাট হীরা দিয়ে তৈরি ওই হারটির মূল আকর্ষণ ছিল তাতে খোদাই করা আরবি বাক্য—‘ফি আমানিল্লাহ’, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘আল্লাহর নিরাপত্তায়’। সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের এই গয়নাটি ভারতীয় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি হয়েছিল। সে সময় এই হার নিয়ে সেভাবে কোনো বিতর্ক তৈরি না হলেও, সম্প্রতি কারিনা কাপুরের গয়না সংক্রান্ত বিতর্কের জেরে দীপিকার এই পুরোনো ছবি ও গয়না নতুন করে আলোচনার আলোয় চলে এসেছে।
কেন বিতর্কের কেন্দ্রে কারিনা কাপুর?
সাম্প্রতিক দীপাবলি উদযাপনে ৩০ ক্যারেটের পান্নার একটি লকেট পরেছিলেন কারিনা কাপুর খান। ডিজাইনার পুনীত বালানার তৈরি ওই লকেটটিতে খোদাই করা ছিল পবিত্র কোরআনের ‘আয়াতুল কুরসি’। স্টাইলিস্ট রিয়া কাপুরের মতে, গয়নাটি ভোপালের সাবেক রাজপরিবারের সংগ্রহের অংশ।
তবে গয়নাটিতে কোরআনের আয়াত ব্যবহারের বিষয়টি ভালোভাবে নেননি অনেকেই। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে কারিনা ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান। সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়া থেকে সংশ্লিষ্ট ছবি-ভিডিও সরিয়ে ফেলা, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের যথাযথ সম্মান প্রদর্শনের দাবি জানানো হয়।
যদিও ভোপালের বেশ কিছু সংগঠন, যেমন হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চ, কারিনার পক্ষে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছে। তবে গোটা বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত কারিনা কাপুর বা রিয়া কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
ফ্যাশন বনাম ধর্মীয় প্রথার সীমারেখা
কারিনার গয়না ঘিরে চলা আইনি ও রাজনৈতিক উত্তেজনার মাঝেই দীপিকার পুরোনো ছবি ভাইরাল হওয়ায় নেটপাড়ায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে—ফ্যাশন এবং ঐতিহ্য ফুটিয়ে তুলতে কি তবে ধর্মীয় প্রতীক বা বাণীর ব্যবহার সীমারেখা লঙ্ঘন করছে? এই বিতর্ক আপাতত বলিউড ও ফ্যাশন মহলে তীব্র আলোচনার খোরাক জুগিয়েছে।