“১০০ কোটি টাকার জমি জবরদখল বিতর্ক!”-মৈথিলী ঠাকুরের পরিবারকে ঘিরে শোরগোল

সরকারি জমি এবং রাস্তা জবরদখলের গুরুতর অভিযোগ উঠল বিহারের জনপ্রিয় লোকসংগীত শিল্পী তথা বিজেপি বিধায়ক মৈথিলী ঠাকুর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার দ্বারভাঙার পোখরাভিন্দা গ্রামে হানা দিয়ে প্রশাসনিক আধিকারিকরা মাপজোক করেন এবং প্রাথমিক তদন্তে সত্যতা মিলতেই বুলডোজ়ার চালিয়ে একটি অবৈধ পাঁচিল ভেঙে গুঁড়িয়ে দেয় প্রশাসন। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

কী অভিযোগ স্থানীয়দের?

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোখরভিন্দা গ্রামের বাসিন্দারা সম্প্রতি মুখ্যমন্ত্রীর দপ্তর এবং রাজ্য সরকারের সহযোগ পোর্টালে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে দাবি করা হয়, মৈথিলী ঠাকুরের পরিবার সরকারি রাস্তা, গ্রাম্য দেবতা তিওয়ারি বাবার জমি, রাধাকৃষ্ণ মন্দির, সর্বজনীন শ্মশান বা শ্রাদ্ধস্থল এবং একটি নিকাশি নালা জবরদখল করে রেখেছে।

এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে ডেপুটি কালেক্টর অজয় কুমার এবং সার্কেল অফিসার অলোক কুমার সশরীরে গ্রামে পরিদর্শনে যান। অভিযোগকারী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে জমি মাপা হয়। প্রাথমিক তদন্তে সরকারি রাস্তার একাংশ দখল করে পাঁচিল তৈরির প্রমাণ মেলে। এর পরেই দ্রুত পদক্ষেপ করে প্রশাসন বুলডোজ়ার চালিয়ে সেই পাঁচিল ভেঙে দেয় এবং রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।

ব্যক্তিগত জমি ও মন্দিরের জমি দখলের অভিযোগ

শুধু সরকারি রাস্তা বা জনবহুল জায়গাই নয়, মৈথিলী ঠাকুরের বাবা রমেশ ঠাকুরের বিরুদ্ধে ব্যক্তিগত জমি দখলেরও অভিযোগ উঠেছে। পোখরভিন্দা গ্রামের বাসিন্দা গগনকুমার মিশ্র গত ৭ নভেম্বর সার্কেল অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন যে, রমেশ ঠাকুর তাঁর তিন ডেসিমেল জমি জোর করে দখল করে নিয়েছেন। শুধু তাই নয়, দখল সরাতে বললেই তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। পাশাপাশি, মন্দির ও অন্যান্য জনস্বার্থের জমি জবরদখলের অভিযোগ খতিয়ে দেখতে প্রয়োজনীয় নথি নিয়ে শনিবার সার্কেল অফিসে হাজির হতে বলা হয়েছে অভিযোগকারীদের।

অভিযোগ উড়িয়েছেন মৈথিলী, আসরে তেজস্বী যাদব

পরিবারের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ দ্ব্যর্থহীন ভাষায় খারিজ করেছেন বিজেপি বিধায়ক মৈথিলী ঠাকুর। তাঁর দাবি, তাঁদের বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং জমি সংক্রান্ত সমস্ত আইনি ও বৈধ নথি তাঁদের কাছেই রয়েছে।

তবে এই বিতর্ক এখানেই থামছে না। RJD নেতা তেজস্বী যাদব এই ইস্যুকে হাতিয়ার করে শাসক শিবিরকে আক্রমণ শানিয়েছেন। মৈথিলী ও তাঁর বাবার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার জমি দখলের গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। সেই সঙ্গে NDA-র বিধায়কদের বিরুদ্ধে সাধারণ মানুষের সম্পত্তি দখলের অভিযোগ এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে জবাবদিহির দাবিও তুলেছেন তেজস্বী। সবমিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে বিহারের রাজনীতি এখন উত্তপ্ত।