“মোদী স্ক্রু ড্রাইভার নিয়ে বসেন না!” রাহুলের ফোনে আড়ি পাতার অভিযোগে জল ঢেলে দিলেন স্যাম?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফোনে আড়ি পাতার গুরুতর অভিযোগ তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিন্তু সেই তত্ত্বে জল ঢেলে দিলেন দলেরই প্রবীণ নেতা তথা আন্তর্জাতিক শাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব স্যাম পিত্রোদা। রাহুলের এই বিস্ফোরক অভিযোগ থেকে দূরত্ব বজায় রেখে স্যাম স্পষ্ট জানিয়ে দিলেন, নজরদারি বা ফোন ট্যাপ হলেও প্রধানমন্ত্রী মোদী ব্যক্তিগতভাবে এই কাজের সঙ্গে যুক্ত নন।
কী বলেছেন স্যাম পিত্রোদা?
সম্প্রতি দীপাবলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্যাম পিত্রোদার শুভেচ্ছা বিনিময় ঘিরে রাজনৈতিক মহলে কম চর্চা হয়নি। এর মধ্যেই রাহুলের ফোন ট্যাপ সংক্রান্ত অভিযোগে ভিন্ন সুর শোনা গেল স্যামের গলায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ফোন ট্যাপ বা নজরদারির ঘটনা ঘটলেও প্রধানমন্ত্রী নিজে এই কাজ করেন না। তাঁর মন্তব্য, “প্রধানমন্ত্রী এ কাজ করেন না। উনি স্ক্রু ড্রাইভার নিয়ে কম্পিউটারের সামনে বসেন না।”
তবে নিজের উপর নজরদারি চলার বিস্ফোরক দাবি করেছেন স্যাম। তাঁর দাবি, শুধু ফোন নয়, তাঁর ল্যাপটপ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই তাঁকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি। তবে সুনির্দিষ্টভাবে কে বা কারা এই নজরদারির নেপথ্যে রয়েছে, তা নিয়ে মুখ খুলতে চাননি তিনি। স্যামের কথায়, “কেউ না কেউ তো এগুলো করছে। আমি জানি না। এ নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথাও নেই। এ ভাবেই বেঁচে আছি, আমার কোনও সমস্যা নেই।”
রাহুল গান্ধীর অভিযোগ ও চ্যালেঞ্জ
এর আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেছিলেন যে, বিদেশি মদতেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন এবং এখনও সেই শক্তির সাহায্যেই গদিতে টিকে রয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাহুল বলেন, “আমি যে সব অভিযোগ তুলেছি তার প্রমাণ আমার ফোনে রয়েছে। যে ফোনে নরেন্দ্র মোদী আড়ি পাতছেন। মুখোমুখি বিতর্কে প্রমাণ হয়ে যাবে কাকে বিদেশি শক্তি নিয়ন্ত্রণ করছে এবং উনি কত দিন ধরে রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত।” এই বিতর্কের জেরে আগামী দিনে মোদী আর প্রধানমন্ত্রী থাকবেন না বলেও ‘গ্যারান্টি’ দিয়েছিলেন কংগ্রেস সাংসদ।
যদিও কংগ্রেস নেতার এই সমস্ত দাবিকে প্রথম থেকেই ‘ভিত্তিহীন ও প্রমাণহীন’ বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। শাসক শিবিরের মন্ত্রী ও মুখপাত্রদের এক সুরের জবাব, কোনও ধরনের প্রমাণ ছাড়াই রাজনৈতিক ফায়দা তুলতে ভিত্তিহীন অভিযোগ করে চলেছেন রাহুল গান্ধী। এর ওপর আবার দলেরই প্রবীণ নেতার এমন মন্তব্যে কংগ্রেস শিবিরের অন্দরের মতপার্থক্য নিয়ে নতুন করে রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে।