শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে ভয়াবহ ধসের মুখে পড়ল ভারতীয় শেয়ার বাজার। বাজার খুলতেই কার্যত ‘রেড জোন’-এ চলে যায় সেনসেক্স ও নিফটি। সেনসেক্স ৫০০ পয়েন্টেরও বেশি পতন সহ্য করে ৮২,০০০-এর নিচে নেমে গিয়েছে। অন্যদিকে, নিফটি ৫০-এর সূচকও ২৫,৩৫০ পয়েন্টের গুরুত্বপূর্ণ স্তর ভেঙে নিচে অবস্থান করছে।
মূলত এফএমসিজি (FMCG) এবং ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারগুলিতে ব্যাপক বিক্রির চাপ থাকায় ধস নেমেছে বাজারে। অটো, মেটাল এবং রিয়েল এস্টেট সেক্টরও আজ মুখ থুবড়ে পড়েছে। তবে এই টালমাটাল পরিস্থিতির মধ্যেও আইটি (IT) এবং মিডিয়া স্টকগুলি কিছুটা ঘুরে দাঁড়াতে সফল হয়েছে। চমক দেখিয়েছে তেজস নেটওয়ার্কস; ৫জি রেডিও সরবরাহের চুক্তি পেয়ে তাদের শেয়ারের দাম ১০% বেড়ে ৪০৩ টাকায় পৌঁছেছে।
বিশ্ববাজারের অস্থিরতার প্রভাবে বিনিয়োগকারীরা এখন সুরক্ষিত আশ্রয়ের খোঁজে সোনা ও রূপোর ইটিএফ-এর দিকে ঝুঁকছেন, যার ফলে রূপোর দাম এক ধাক্কায় ৪% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার খবরে আন্তর্জাতিক বাজারে সোনার দামেও চাঙ্গাভাব দেখা দিয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ব রাজনীতির টানাপোড়েনই আপাতত ভারতীয় শেয়ার বাজারের এই রক্তক্ষরণের প্রধান কারণ।