ইরান ও আমেরিকার মধ্যে দুই সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধবিরতি ঘোষণার প্রভাবে বিশ্ব অর্থনীতির সাথে তাল মিলিয়ে চাঙ্গা হয়ে উঠল ভারতীয় শেয়ার বাজার। বুধবার সকালে দালাল স্ট্রিটে কার্যত উৎসবের মেজাজ। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির বার্তার পরই নিফটি প্রায় ৮০০ পয়েন্টের বেশি লাফ দিয়ে ২৪,০০০-এর মাইলফলক স্পর্শ করার লক্ষ্যে এগোচ্ছে। অন্যদিকে, সেনসেক্স ২,৯০০ পয়েন্টেরও বেশি বৃদ্ধি পেয়ে পৌঁছে গিয়েছে ৭৭,০০০-এর ঘরে।
এই ঊর্ধ্বগতির অন্যতম প্রধান কারণ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯৪ ডলারের নিচে নেমে আসায় স্বস্তিতে লগ্নিকারীরা। ব্যাঙ্কিং ও অটো সেক্টরে এদিন ব্যাপক কেনাকাটা লক্ষ্য করা গিয়েছে। নিফটি ব্যাঙ্ক ২,২০০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়ে ৫৪,০০০-এর স্তর অতিক্রম করেছে। বিশেষ করে এইচডিএফসি ব্যাঙ্ক ৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে বাজারকে শক্ত ভিত দিয়েছে।
আদিত্য বিড়লা রিয়েল এস্টেট, অশোক লেল্যান্ড, টাটা মোটরস সিভি এবং জে কে টায়ারের মতো শেয়ারগুলি এদিন সবথেকে বেশি লাভের মুখ দেখেছে। ইটার্নাল-এর শেয়ারও বিনিয়োগকারীদের হতাশ করেনি। বিশেষজ্ঞদের মতে, ২০২৪ সালের জুন মাসের পর নিফটি ব্যাঙ্ক আজ তার সেরা পারফরম্যান্সের পথে। ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হওয়ায় বাজার এই বুলিশ ট্রেন্ড আরও কয়েকদিন বজায় রাখতে পারে বলে আশা করা হচ্ছে।





