শেয়ার বাজারে তুফান! ফলাফল ঘোষণার আগেই রকেটের গতিতে ছুটছে BSE-র শেয়ার

ভারতীয় শেয়ার বাজারে বর্তমানে সেনসেক্স-নিফটির ওঠানামার মাঝেই এক অবিশ্বাস্য দৌড় শুরু করেছে বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) লিমিটেডের শেয়ার। আজ, ৭ই মে, ২০২৬, কোম্পানির ২০২৫-২৬ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণার কথা রয়েছে। কিন্তু রেজাল্ট আসার আগেই দালালাল স্ট্রিটে যেন উৎসবের মেজাজ। বাজার খোলার সাথে সাথেই ব্যাপক কেনাকাটার জেরে এই শেয়ারটি ৩,৯৪১.৬০ টাকার নতুন ৫২-সপ্তাহের সর্বোচ্চ রেকর্ড উচ্চতা ছুঁয়ে ফেলেছে।

বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকেই বিনিয়োগকারীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আগের দিনের বন্ধ হওয়া দর ৩,৮১২.৫০ টাকা থেকে প্রায় ২.৩% লাফিয়ে উঠে নতুন রেকর্ড গড়েছে কোম্পানিটি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ—উভয় জায়গার বিনিয়োগকারীরাই আশাবাদী যে, আজকের ত্রৈমাসিক ফলাফলে কোম্পানিটি কেবল বিশাল মুনাফাই দেখাবে না, বরং একটি বড়সড় লভ্যাংশ বা ডিভিডেন্ডের ঘোষণাও করবে।

উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইরান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে যখন বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, তখন দেশীয় বিনিয়োগকারীদের আস্থায় বাজার অটল। বিশেষ করে বাজারের অস্থিরতার সময় লেনদেনের পরিমাণ বেড়ে যাওয়ায় সরাসরি লাভবান হচ্ছে বিএসই-র মতো এক্সচেঞ্জগুলি। একারণেই নিফটি ৫০-কে পিছনে ফেলে নিফটি ক্যাপিটাল মার্কেটস ইনডেক্স বছরের শুরু থেকে ১৬%-এর বেশি রিটার্ন দিতে সক্ষম হয়েছে।

বিনিয়োগকারীদের এই বিপুল আস্থার পিছনে রয়েছে কোম্পানির গত ত্রৈমাসিকের জাদুকরী পারফরম্যান্স। ২০২৫-২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে কোম্পানির নিট মুনাফা (PAT) আগের বছরের তুলনায় ১৭৩% বৃদ্ধি পেয়ে ৫৯৬.৫৯ কোটি টাকায় পৌঁছেছিল। শুধু তাই নয়, শেয়ার প্রতি আয় (EPS) ৫.৩০ টাকা থেকে একলাফে ১৪.৬১ টাকায় পৌঁছেছে। এই শক্তিশালী ট্র্যাক রেকর্ডই ইঙ্গিত দিচ্ছে যে, আজকের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলও ঐতিহাসিক হতে চলেছে।

দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এই স্টকটি যেন এক টাকার খনি। গত পাঁচ বছরে বিএসই-র শেয়ার ৪৮৭১%-এরও বেশি চোখ ধাঁধানো রিটার্ন দিয়েছে। অর্থাৎ পাঁচ বছর আগে কেউ যদি সঠিক বিনিয়োগ করতেন, তবে তাঁর পুঁজি আজ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। গত তিন বছরে ২,১১৯% এবং শুধুমাত্র গত এক মাসেই ২৬% বৃদ্ধি পেয়ে কোম্পানির বাজার মূলধন ১.৫৫ লক্ষ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এখন দেখার, আজকের বোর্ড মিটিংয়ের পর বিনিয়োগকারীদের ঝুলিতে কতটা লভ্যাংশ জমা পড়ে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy