‘শুষ্ক মানবিকতা দেখিয়ে লাভ নেই’, বকেয়া মেটাতে ব্যর্থ পুরসভাগুলোকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের!

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পেনশন ও গ্র্যাচুইটি মেটাতে ব্যর্থ হওয়ায় কলকাতা হাইকোর্টে (High Court) বুধবার এক বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিষয়ে একাধিক মামলার শুনানিতে বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, “হয় ওদের বকেয়া মেটান, নয়তো পুরসভাগুলো বন্ধ করে দিন কিংবা প্রাইভেট করে দিন।”

বিচারপতির এই কড়া মন্তব্য থেকে স্পষ্ট যে, রাজ্যের বহু পুরসভা অবসরপ্রাপ্ত কর্মীদের ন্যায্য পাওনা দিতে গাফিলতি করছে। তিনি বলেন, “আপনারা এখন চুক্তির নিয়োগ নাকি অন্য কিছু, তা নিয়ে কেন বিতর্ক করছেন? আপনারা তাঁদের রেগুলারাইজ় করে দিয়েছেন। এখন আর এ সব বলে লাভ নেই। শুকনো মানবিকতা দেখিয়ে লাভ নেই। টাকা মিটিয়ে মানবিক হোন।”

আদালতের এই পর্যবেক্ষণ স্পষ্ট করে দিয়েছে যে এই সমস্যাকে শুধুমাত্র আইনি বা আর্থিক বিষয় হিসেবে দেখা হচ্ছে না, বরং এটি একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। বিচারপতির কথায়, “যদি বকেয়া মেটাতে না–পারেন, তা হলে এত দিন কেন ওঁদের সার্ভিস নিয়েছেন?”

হাইকোর্টের এই মন্তব্যে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে, সরকারি বা পুরসভার কোনো দায়িত্ব কর্মীদের অবসর নেওয়ার পর শেষ হয়ে যায় না। তাঁদের পেনশন ও গ্র্যাচুইটি দেওয়া হলো কর্মজীবনের বিনিময়ে প্রাপ্য সম্মান।