পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দামামা বাজতেই প্রার্থীদের জমা দেওয়া হলফনামা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। হাই-প্রোফাইল প্রার্থীদের মধ্যে অন্যতম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ৩০ মার্চ, ২০২৬-এ তাঁর জমা দেওয়া হলফনামা অনুযায়ী, গত পাঁচ বছরে তাঁর উপার্জনে যেমন বৃদ্ধি ঘটেছে, তেমনই কমেছে মোট সম্পত্তির পরিমাণ।
হলফনামার তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে শুভেন্দু অধিকারীর বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে ১৭ লক্ষ ৩৮ হাজার ৫৯০ টাকা, যা ২০২০-২১ অর্থবর্ষে ছিল মাত্র ৮ লক্ষ ১৩ হাজার ১৭০ টাকা। অর্থাৎ গত পাঁচ বছরে তাঁর আয় দ্বিগুণেরও বেশি বেড়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, তাঁর অস্থাবর সম্পত্তির (Movable Assets) পরিমাণ ২০২১ সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২১ সালে তাঁর অস্থাবর সম্পত্তি ছিল প্রায় ৫৯.৩১ লক্ষ টাকা, যা ২০২৬-এ দাঁড়িয়েছে মাত্র ২৪.৫৭ লক্ষ টাকায়।
স্থাবর সম্পত্তির (Immovable Assets) ক্ষেত্রেও একই ছবি ধরা পড়েছে। হলফনামা অনুযায়ী, ২০২১ সালে তাঁর স্থাবর সম্পত্তির মূল্য ছিল ৬১.৩০ লক্ষ টাকা, যা বর্তমানে কমে হয়েছে ৪৬.২১ লক্ষ টাকা। তাঁর নামে থাকা ফ্ল্যাট ও জমির পরিমাণ নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা থাকলেও, হলফনামায় তিনি সব তথ্যই পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। এই সম্পত্তির হ্রাস-বৃদ্ধি নিয়ে ইতিমধ্য়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দলের কটাক্ষের মুখে শুভেন্দু অনুগামীরা দাবি করছেন, এটিই নেতার স্বচ্ছতার প্রমাণ।





