২০২৬ বিধানসভা নির্বাচনের আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কলকাতা। আর এই ঘটনায় নিরাপত্তার চরম গাফিলতির অভিযোগে এবার বড়সড় পদক্ষেপ করল লালবাজার। কর্তব্যরত দুই ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারকে (DC) শো-কজ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
শুক্রবার শুভেন্দু অধিকারী যখন বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন, তখন নিরাপত্তা বলয় ভেঙে পড়ে এবং ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। লালবাজারের শীর্ষ কর্তাদের মতে, স্পর্শকাতর এই কর্মসূচিতে পুলিশের আগাম পরিকল্পনা ও সমন্বয় অভাব ছিল স্পষ্ট। আইন-শৃঙ্খলা বজায় রাখতে কেন ব্যর্থ হলেন ওই দুই পদস্থ আধিকারিক, তার জবাব তলব করা হয়েছে। ভোটের মুখে খোদ ডিসি পদমর্যাদার অফিসারদের এই ‘শাস্তি’ নিয়ে পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, উপযুক্ত সন্তোষজনক উত্তর না মিললে তাঁদের বিরুদ্ধে কড়া বিভাগীয় পদক্ষেপ নেওয়া হতে পারে।





