শুভেন্দুর মনোনয়ন বাতিলের দাবি! অমিত শাহের উপস্থিতিতেই কমিশনের দ্বারস্থ তৃণমূল

২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নজিরবিহীন সংঘাত। নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই হেভিওয়েট কেন্দ্রেই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের দরজায় কড়া নাড়ল তৃণমূল কংগ্রেস। বুধবার ও বৃহস্পতিবার পরপর দুটি চিঠি পাঠিয়ে শুভেন্দুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন।

তৃণমূলের প্রথম অভিযোগটি অত্যন্ত স্পর্শকাতর। ডেরেক দাবি করেছেন, শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন এবং বাংলায় ‘কাশ্মীরের মতো পরিস্থিতি’ তৈরির হুমকি দিচ্ছেন। শাসকদলের মতে, উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নাম করে চাপ সৃষ্টি করা জনপ্রতিনিধিত্ব আইনের চরম লঙ্ঘন। এই ‘দুর্নীতিমূলক’ আচরণের জন্য শুভেন্দুকে অবিলম্বে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে জোড়াফুল শিবির।

দ্বিতীয় অভিযোগটি প্রশাসনিক নিয়মভঙ্গ নিয়ে। বৃহস্পতিবার অমিত শাহের উপস্থিতিতে ভবানীপুরে মনোনয়ন জমা দেন শুভেন্দু। তৃণমূলের দাবি, রিটার্নিং অফিসারের কক্ষে ৫ জনের বেশি প্রবেশের অনুমতি না থাকলেও সেই নিয়ম মানা হয়নি। সোশ্যাল মিডিয়ার ছবি ও ভিডিওর উল্লেখ করে ডেরেক প্রশ্ন তুলেছেন রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকের নিরপেক্ষতা নিয়েও। অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারকেও। ভোটের মুখে ভবানীপুর ও নন্দীগ্রামকে ঘিরে এই আইনি লড়াইয়ে এখন সরগরম বাংলা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy