শুভেন্দুর ডেরায় বড় ধস! দাপুটে নেতা পবিত্রর পর এবার কি ঘাসফুল শিবিরে যোগ দিলেন খাস পঞ্চায়েত প্রধান?

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে মেগা ফাইট শুরু হয়ে গেল নন্দীগ্রামে। একুশের নির্বাচনে যেখানে লড়াই ছিল মমতা বনাম শুভেন্দুর, এবার সেখানে লড়াইয়ের সমীকরণ পুরোপুরি বদলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর একদা ছায়াসঙ্গী তথা বিজেপির দাপুটে নেতা পবিত্র কর এখন ঘাসফুল শিবিরের অন্যতম বড় বাজি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নন্দীগ্রামের টিকিট পকেটে পুরে নিয়েছেন তিনি।

তবে চমক এখানেই শেষ নয়। পবিত্র করের দলবদলের পর তাঁর স্ত্রী শিউলি করের রাজনৈতিক অবস্থান নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তারও অবসান ঘটল। মঙ্গলবার রাতে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শিউলি কর। উল্লেখ্য, শিউলি দেবী বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। ফলে পঞ্চায়েত স্তরে বিজেপির ভিত যে এক ধাক্কায় অনেকটাই আলগা হয়ে গেল, তা বলাই বাহুল্য। স্বামী পবিত্র কর সরাসরি শুভেন্দুর বিরুদ্ধে বিধানসভায় লড়বেন, আর স্ত্রী শিউলি সামলাবেন তৃণমূলের ব্লক স্তরীয় সংগঠন। রাজনৈতিক মহলের মতে, শুভেন্দুর খাসতালুকে এই ‘সস্ত্রীক বিদ্রোহ’ গেরুয়া শিবিরের জন্য বড় মাথাব্যথার কারণ হতে চলেছে। অধিকারী গড় বাঁচাতে এবার বিজেপি কোন কৌশলে পালটা দেয়, সেটাই এখন দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy