শুভেন্দুর ‘ছায়াসঙ্গী’ খুনে সরাসরি আসরে অমিত শাহ! খুনিদের ধরতে নামছে আইজি সিআইডির নেতৃত্বে মেগা টিম

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এবার সরাসরি হস্তক্ষেপ করল দিল্লি। বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত তথ্য জানতে শুভেন্দু অধিকারীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি নেতা নীতিন নবীন। সূত্রের খবর, এই খুনের নেপথ্যে থাকা ষড়যন্ত্রের শিকড় উপড়ে ফেলতে কোনো আপস করতে নারাজ কেন্দ্রীয় নেতৃত্ব।

এদিকে চন্দ্রনাথ হত্যাকাণ্ডের কিনারা করতে রাজ্য পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে একটি শক্তিশালী ‘বিশেষ তদন্তকারী দল’ বা সিট (SIT)। আইজি সিআইডির (IG CID) সরাসরি নেতৃত্বে এই দলে থাকছেন সিআইডি, রাজ্য এসটিএফ (State STF), জেলা পুলিশের পদস্থ আধিকারিক এবং ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি-র (IB) চৌকস অফিসাররা। বৃহস্পতিবার সকালেই সিআইডি ও রাজ্য পুলিশের একটি বড় দল মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় শ্যুটআউটের ঘটনাস্থলে পৌঁছান। আততায়ীরা যে পেশাদার কায়দায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখতে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্যও নেওয়া হচ্ছে।

বুধবার রাতে নিজের ফ্ল্যাটের ঢিলছোড়া দূরত্বে চন্দ্রনাথ রথকে যেভাবে ঝাঁজরা করে দেওয়া হয়েছে, তাতে স্তম্ভিত গোটা এলাকা। আদতে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা চন্দ্রনাথ দীর্ঘ ৫ বছর ধরে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ইতিমধ্যেই ওই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। একটি সন্দেহভাজন গাড়ি ও বাইক আরোহীদের গতিবিধি ট্র্যাক করতে ডিজিটাল সার্ভেইল্যান্সের ওপর জোর দেওয়া হচ্ছে। যদিও ঘটনার দীর্ঘ সময় পার হয়ে গেলেও মূল অভিযুক্তরা এখনও অধরা।

অন্যদিকে, এই হামলায় গুরুতর আহত চন্দ্রনাথের গাড়িচালক বুদ্ধদেব বেরার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাঁর শরীরে দীর্ঘ অস্ত্রোপচার করে তিনটি গুলি বের করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধদেব বর্তমানে আইসিইউ-তে (ICU) জীবন-মরণ যুদ্ধের লড়ছেন। শুভেন্দু অধিকারী এই ঘটনাকে ‘ঠান্ডা মাথার পরিকল্পিত খুন’ বলে বর্ণনা করে দলীয় কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে সিআইডি ও এসটিএফ যেভাবে তদন্ত শুরু করেছে, তাতে খুব শীঘ্রই অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশাবাদী প্রশাসন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy