শুধু ভিতরে নয়, বুথের বাইরেও কড়া নজরদারি! ছাব্বিশের নির্বাচনে রি-পোল নিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনারের

বাংলায় ভোট মানেই বুথ জ্যাম, ছাপ্পা আর সিসিটিভি ক্যামেরা বিকল করে দেওয়ার ভুরি ভুরি অভিযোগ। তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে সেই চেনা ছবি বদলাতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার দিল্লি ফেরার আগে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়ে দিলেন, এবার কোনো বুথে সিসিটিভি ক্যামেরা বন্ধ বা বিকল দেখা গেলে সরাসরি পুনর্নির্বাচনের (Re-poll) নির্দেশ দেওয়া হবে।

কমিশন সূত্রে জানানো হয়েছে, আগে অনেক ক্ষেত্রে ক্যামেরার ওপর চুইনগাম সেঁটে বা তার ছিঁড়ে ভোট লুঠের চেষ্টা হয়েছে। এবার বুথের ভিতর এবং বাইরে— উভয় জায়গাতেই থাকবে ওয়েব কাস্টিং ও সিসিটিভি নজরদারি। যদি দেখা যায় কোনো ক্যামেরা কাজ করছে না বা ইচ্ছাকৃতভাবে সেটিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তবে সেই বুথের ভোট বাতিল করে সঙ্গে সঙ্গে পুনর্নির্বাচন করা হবে। এমনকি বুথের বাইরের অশান্তির দৃশ্য সিসিটিভিতে ধরা পড়লে দিল্লি থেকেই সেই বুথের ভাগ্য নির্ধারণ করবে কমিশন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশনের এই ‘জিরো টলারেন্স’ নীতি রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy