আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হওয়ার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের জ্বালানি বাজারে। শুক্রবার, ২০ মার্চ তেল বিপণন সংস্থাগুলো (OMCs) ডিজেলের দামে বড়সড় পরিবর্তনের কথা ঘোষণা করেছে। তবে স্বস্তির খবর এই যে, সাধারণ মানুষের ব্যবহার্য রেগুলার ডিজেলের দামে আপাতত বদল না হলেও, শিল্পক্ষেত্রে ব্যবহৃত (Industrial/Bulk) ডিজেলের দাম এক ধাক্কায় লিটারে প্রায় ২২ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। দিল্লিতে এই ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০৯.৫৯ টাকায়।
পেট্রোলের ক্ষেত্রেও দেখা গিয়েছে মিশ্র ছবি। ইন্ডিয়ান অয়েল (IOCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের (HPCL) মতো সংস্থাগুলো তাদের প্রিমিয়াম ভেরিয়েন্টের (যেমন- XP95, Power) দাম লিটারে ২ থেকে ২.৩৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে। যদিও সাধারণ পেট্রোল ও ডিজেলের খুচরো দর বড় শহরগুলোতে আজ স্থিতিশীল রাখা হয়েছে। তবে এই দাম বৃদ্ধির ফলে পণ্য পরিবহণ এবং শিল্প উৎপাদন খরচ বহুগুণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার প্রভাব সরাসরি নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারে পড়তে পারে।
বর্তমানে ভারতের মেট্রো শহরগুলোতে ডিজেলের দাম (লিটার প্রতি):
-
কলকাতা: ৯২.০২ টাকা
-
দিল্লি: ৮৭.৬৭ টাকা
-
মুম্বই: ৯০.০৩ টাকা
-
চেন্নাই: ৯২.৪৮ টাকা
পশ্চিম এশিয়ায় চলমান ইজরায়েল-ইরান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১১০ ডলার ছাড়িয়ে গিয়েছে। এই অস্থিরতা চলতে থাকলে আগামী দিনে সাধারণ পেট্রোল ও ডিজেলের দামও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত মিলছে।