দশম শ্রেণির এক কিশোরের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার শিমুলতলা অঞ্চল। এক কিশোরীকে কেন্দ্র করে ত্রিকোণ প্রেমের বিবাদের জেরে ১৫ বছরের শুভজিৎ মোদককে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে ২৫ বছর বয়সি যুবক রাজ পাসোয়ানের বিরুদ্ধে। মঙ্গলবার ভোরে শুকনা জঙ্গল সংলগ্ন চামটা চা বাগান থেকে শুভজিতের দেহ উদ্ধার হতেই এলাকায় শোকের মায়া নেমে এসেছে।
রক্তাক্ত ‘লাভ ট্রায়াঙ্গেল’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জনৈক এক কিশোরীকে পছন্দ করত শুভজিৎ ও অভিযুক্ত রাজ— দু’জনেই। যা নিয়ে গত কয়েক মাস ধরে রাজের সঙ্গে বিবাদ চলছিল ওই কিশোরের। অভিযোগ, গত শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ রাজ ফোন করে শুভজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাত ১০টা থেকে শুভজিতের মোবাইল বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যরা সারারাত হন্যে হয়ে খুঁজেও ছেলের হদিশ পাননি।
তদন্তে পুলিশি তৎপরতা শুভজিতের পরিবারের পক্ষ থেকে মাটিগাড়া থানায় নিখোঁজ ডায়েরি করার পর থেকেই তদন্ত শুরু করেছিল পুলিশ। মঙ্গলবার কাকভোরে জঙ্গল থেকে দেহ উদ্ধার হওয়ার পর রহস্য আরও ঘনীভূত হয়েছে। অভিযুক্ত রাজ পাসোয়ান ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পলাতক। পুলিশ রাজের এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
তদন্তের নজরে রহস্যময়ী কিশোরীও মাটিগাড়া থানার পুলিশ জানিয়েছে, শুধুমাত্র প্রেমের বিবাদ নাকি এর পিছনে অন্য কোনও শত্রুতা কাজ করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যে কিশোরীকে নিয়ে এই বিবাদ, এই ষড়যন্ত্রে তার কোনও ভূমিকা আছে কি না, সে বিষয়েও বয়ান নেওয়া হতে পারে। বর্তমানে ঘাতক রাজের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।