শিবভক্তদের জন্য বিরাট উপহার! আসছে সদগুরুর মহাকাব্যিক অ্যানিমেটেড ছবি ‘শিব- দ্য আদিযোগী’

শিবভক্তদের জন্য এক বিরাট সুখবর নিয়ে এলেন আধ্যাত্মিক গুরু সদগুরু। জনপ্রিয় অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজি ‘দ্য লেজেন্ড অব হনুমান’-এর নির্মাতা স্টুডিয়ো ‘গ্রাফিক ইন্ডিয়া’-র সঙ্গে হাত মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ যৌথ উদ্যোগের কথা ঘোষণা করেছেন তিনি। তৈরি হতে চলেছে ‘শিব- দ্য আদিযোগী’ (Shiva The Adiyogi) নামে একটি মহাকাব্যিক অ্যানিমেটেড ফিচার ফিল্ম। যোগের প্রাচীন আধ্যাত্মিক পরম্পরা অনুযায়ী, শিবকে যেখানে প্রথম যোগী ও যোগের উৎস হিসেবে মানা হয়, সেই দর্শনকেই এবার সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তোলা হবে।
অত্যাধুনিক অ্যানিমেশনে আদিযোগীর কাহিনি
সদগুরুর বর্ণিত যোগিক উপাখ্যানের ওপর ভিত্তি করে তৈরি হবে এই ছবি। অত্যাধুনিক অ্যানিমেশন এবং বিশ্বমানের সিনেম্যাটিক স্টোরিটেলিংয়ের মাধ্যমে যোগের উৎপত্তি এবং আদিযোগী হিসেবে শিবের পুরো কাহিনি দর্শকদের সামনে তুলে ধরা হবে। এই ছবির প্রযোজক, সহ-নির্মাতা এবং চিত্রনাট্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন গ্রাফিক ইন্ডিয়ার সহ-প্রতিষ্ঠাতা শরদ দেবরাজন। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত অ্যানিমেটেড ছবি।
শিব সম্পর্কে কী বললেন সদগুরু?
শিব সম্পর্কে যোগিক দর্শনের গভীর ব্যাখ্যা দিতে গিয়ে সদগুরু জানান, যোগিক সংস্কৃতিতে শিবকে কোনো প্রথাগত ঈশ্বর হিসেবে দেখা হয় না। তিনি বলেন, “আমাদের কাছে শিব হলেন আদিযোগী—প্রথম যোগী এবং আদিগুরু—প্রথম গুরু। শিব আদিযোগী হিসেবে বোঝাতে চেয়েছিলেন, প্রকৃতির নিয়ম আমাদের কিছু সীমার মধ্যে রাখলেও মানুষ নিজের সাধনা ও প্রচেষ্টার মাধ্যমে সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে। কেউ যদি নিজের সীমাবদ্ধতার ঊর্ধ্বে ওঠার জন্য চেষ্টা করতে প্রস্তুত থাকেন, তবে তিনি সমস্ত সীমা অতিক্রম করে মুক্তি লাভ করতে পারেন। ভৌত প্রকৃতির নিয়মকে অতিক্রম করা একটি আধ্যাত্মিক প্রক্রিয়া। এই অর্থে আমরা ‘আউটল’ এবং শিব হলেন সেই চূড়ান্ত ‘আউটল’।”
হলিউডি মানের কাজের সঙ্গে যুক্ত শরদ দেবরাজন
ছবিটির সহ-নির্মাতা শরদ দেবরাজন ভারতীয় অ্যানিমেশন ও চরিত্র বিনোদন জগতের অন্যতম পরিচিত এবং পুরস্কারপ্রাপ্ত সৃজনশীল ব্যক্তিত্ব। তিনি জনপ্রিয় সিরিজ ‘দ্য লেজেন্ড অব হনুমান’-এর সহ-নির্মাতা। পাশাপাশি, ‘বাহুবলী: দ্য লস্ট লেজেন্ডস’ এবং ‘বাহুবলী: ক্রাউন অব ব্লাড’-এর মতো জনপ্রিয় সিরিজের চিত্রনাট্যকার ও সহ-নির্মাতাও তিনি। এমনকি মার্ভেলের বিখ্যাত ভারতীয় স্পাইডার-ম্যান চরিত্র ‘পবিত্র প্রভাকর’-এরও সহ-নির্মাতা এই গুণী ব্যক্তিত্ব, যাঁকে পরবর্তীতে অস্কার-মনোনীত ছবি ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’-এও দেখা গিয়েছিল।
সম্পূর্ণ অত্যাধুনিক ও ইমার্সিভ অ্যানিমেশনের মাধ্যমে ‘শিব – দ্য আদিযোগী’ ছবিতে আদিযোগীর কাহিনিকে একটি আন্তর্জাতিক মানের ইভেন্ট ফিল্ম হিসেবে দর্শকদের দরবারে হাজির করা হবে। ভারতের প্রাচীন আধ্যাত্মিক ও যোগিক ঐতিহ্যের এই অমূল্য দিকটিকে বিভিন্ন প্রজন্ম এবং সংস্কৃতির বিশ্ববাসীর কাছে সহজবোধ্য করে তোলাই এই প্রজেক্টের মূল লক্ষ্য।