শিক্ষকের হাতেই খুন সপ্তম শ্রেণির ছাত্রী! ২০ দিন পর বস্তাবন্দি পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য রামপুরহাটে

বীরভূমের রামপুরহাটে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় ২০ দিন ধরে নিখোঁজ থাকা এক সপ্তম শ্রেণির ছাত্রীর টুকরো টুকরো করা পচাগলা দেহাংশ জলাভূমি থেকে উদ্ধার করা হয়েছে। এই নৃশংস খুনের অভিযোগ উঠেছে তার শিক্ষকের বিরুদ্ধে।

গত মঙ্গলবার রাতে রামপুরহাট থানার বারোমেশিয়া গ্রামের ১৩ বছর বয়সী ওই আদিবাসী ছাত্রীর বস্তাবন্দি ৫ টুকরো মৃতদেহ উদ্ধার হয়। রামপুরহাট থানার কালিডাঙ্গা এলাকার একটি ব্রিজের নিচে বস্তাটি পড়েছিল। জানা গেছে, গত ২৮শে আগস্ট সকালে মেয়েটি রামপুরহাট আসার পথে নিখোঁজ হয়ে যায়।

পরিবারের অভিযোগ, মেয়েটির স্কুল, শ্রী রামকৃষ্ণ শামপাহাড়ি শিক্ষাপীঠের শিক্ষক মনোজ পাল তাকে অপহরণ করে ধর্ষণ ও খুন করেছেন। পুলিশ অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গ্রেপ্তার করেছে। তবে, এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসেনি। এই ঘটনায় গোটা এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।