শাহের ‘সংকল্প পত্রে’ ৩০০০ টাকার প্রতিশ্রুতি, আজই কি বাংলার ভোট সমীকরণ বদলে দেবেন প্রধানমন্ত্রী?

শনিবার ফের বঙ্গে হেভিওয়েট প্রচারের মেগা দিন। একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝোড়ো সফরে উত্তর থেকে দক্ষিণ চষে ফেলছেন, অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহাগুরু মিঠুন চক্রবর্তীও আজ বিজেপির পালে হাওয়া টানতে জেলায় জেলায় ময়দানে নামছেন।

প্রধানমন্ত্রী আজ রাজ্যে মোট তিনটি জনসভা করবেন। তাঁর প্রথম সভা বর্ধমানের কাটোয়ায়। এরপর মুর্শিদাবাদের জঙ্গিপুরে নবদ্বীপ, জঙ্গিপুর ও বহরমপুরের প্রার্থীদের সমর্থনে হুঙ্কার দেবেন তিনি। সবশেষে মালদহ ও দুই দিনাজপুরের প্রার্থীদের হয়ে ভোট চাইবেন মোদি। অন্যদিকে, আজ বাঁকুড়ায় জোড়া সভা করবেন অমিত শাহ। ওন্দা ও ছাতনা বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচারের পাশাপাশি গতকাল প্রকাশিত বিজেপির ‘সংকল্প পত্র’ নিয়েও তিনি সরব হবেন বলে মনে করা হচ্ছে। পিছিয়ে নেই মিঠুন চক্রবর্তীও; বড়জোড়ার প্রার্থীর সমর্থনে গঙ্গাজলঘাটিতে এক বিশাল পদযাত্রায় শামিল হবেন তিনি।

গতকালই কলকাতায় বিজেপির নির্বাচনী ইস্তাহার বা ‘সংকল্প পত্র’ প্রকাশ করেছেন শাহ। যেখানে বেকার যুবকদের মাসিক ৩০০০ টাকা সহায়তার মতো ১৫টি বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শাহের দাবি, ২০২৬-এর এই সংকল্প পত্র আসলে বাংলাকে ‘ভয়ের শাসন’ থেকে মুক্ত করে ‘বিকশিত বাংলা’ গড়ার রোডম্যাপ। ভোটের এই ডামাডোলে আজ হেভিওয়েটদের এই কর্মসূচি রাজ্যের রাজনৈতিক উত্তাপ যে আরও বহুগুণ বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy