বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সেন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ হওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরই তাঁকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সংকটজনক অবস্থা, নিবিড় পর্যবেক্ষণে নেত্রী
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে খালেদা জিয়াকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (CCU) রেখে চিকিৎসা করা হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য একটি উচ্চ পর্যায়ের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ৮০ বছর বয়সী এই নেত্রী বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির জানিয়েছেন, দলনেত্রীর শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’।
অন্তর্বর্তী সরকারের প্রধানের খোঁজ
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বিএনপি চেয়ারপার্সেন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন।
বেগম খালেদা জিয়াকে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল গত ২১ নভেম্বর। তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকার সেনাকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হুইল চেয়ারে বসে যোগ দিয়েছিলেন এবং অন্তর্বর্তী শাসক ইউনুসের সঙ্গে দেখাও করেছিলেন।
সুদীর্ঘ অসুস্থতা ও উন্নত চিকিৎসা
বেগম খালেদা জিয়া দীর্ঘ দিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনির অসুখে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি চলতি বছরের ৮ জানুয়ারি লন্ডনে যান এবং টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা করান। এরপর তাঁর ছেলে তারেক রহমানের বাড়িতেও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। ৬ মে তিনি দেশে ফিরে আসেন।
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়া ১৯৯১ থেকে ১৯৯৬ এবং আবার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও সেনা কমান্ডার জিয়াউর রহমানের বিধবা স্ত্রী।