শান্তি চুক্তির মাঝেই ইজরায়েলের বিধ্বংসী হামলা! ফের বন্ধ হরমুজ প্রণালী, চরম উত্তেজনায় বিশ্ব

লেবাননে হামলা কি আলোচনার মোড় ঘুরিয়ে দেবে? যুদ্ধবিরতি ঘোষণা হতে না হতেই ফের বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলেও, ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইজরায়েল। রিপোর্ট অনুযায়ী, মাত্র ১০ মিনিটে লেবাননের বুকে ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইজরায়েলি বাহিনী। এই ঘটনার প্রতিবাদে ইরান ফের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে।

ইরান আগে জানিয়েছিল যে চলতি সপ্তাহেই এই প্রণালী খুলে দেওয়া হবে, কিন্তু ইজরায়েলি হামলায় পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। এদিকে, আগামী শনিবার পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের নির্দেশে এই আলোচনার দায়িত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তাঁর সঙ্গে থাকবেন স্টিভ উইটকফ এবং জারেড কুশনার।

হোয়াইট হাউস এই ১৪ দিনের সময়সীমার মধ্যে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে চাইলেও ইজরায়েলের এই পদক্ষেপ অস্বস্তি বাড়িয়েছে। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সাফ জানিয়ে দিয়েছেন, লেবাননের ঘটনার সঙ্গে এই আলোচনার কোনও সম্পর্ক নেই। লেবাননে যুদ্ধবিরতির কোনও প্রতিশ্রুতি আমেরিকা দেয়নি। এখন দেখার, শনিবারের বৈঠকে ইরান কী অবস্থান নেয় এবং মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কোন দিকে মোড় ঘোরে।