শান্তিপুরে ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই! পুজোর মুখে লক্ষাধিক টাকা লুট, আতঙ্কিত ব্যবসায়ী মহল

নদীয়ার শান্তিপুর থানার শ্যামবাজার এলাকায় দোকান বন্ধ করে ফেরার পথে এক মোবাইল ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুষ্কৃতীরা। এই ঘটনায় পুজোর মুখে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
সূত্র মারফত জানা গেছে, মঙ্গলবার রাতে শান্তিপুরের নতুন হাট এলাকার এক মোবাইল ব্যবসায়ী তাঁর এক বন্ধুকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন। শান্তিপুর শ্যামবাজার এলাকার হেলথ কেয়ারের সামনে একটি গাড়িতে থাকা তিন জন দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। এরপর ওই ব্যবসায়ীকে মারধর করে তাঁর সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় হামলাকারীরা।
আক্রান্ত ব্যবসায়ীর দাবি, তাঁদের ব্যাগে প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা ছিল। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁরা দুজনেই। বুধবার ওই ব্যবসায়ী শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পুজোর ঠিক আগে এই ধরনের ঘটনায় ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।