শান্তিনিকেতনে নাশকতার ছক! দোলের আগে হোটেল থেকে ৫০টি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য বীরভূমে

শান্তিনিকেতনের দোল ও বসন্ত উৎসবের ঠিক আগেই বড়সড় নাশকতার ছক ফাঁস করল বীরভূম জেলা পুলিশ। রবিবার দুপুরে শান্তিনিকেতন থানার প্রান্তিক স্টেশন সংলগ্ন একটি হোটেলে হানা দিয়ে প্রায় ৫০টি তাজা বোমা ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। উৎসবের মরশুমে যখন পর্যটকদের ঢল নামতে শুরু করেছে, ঠিক সেই সময় জনবহুল এলাকার এই হোটেল থেকে বোমা উদ্ধার হওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা বোলপুরে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ওই হোটেলে হানা দেয়। দেখা যায়, হোটেলের একটি ঘরে বসে পুরোদমে বোমা বাঁধার কাজ চলছিল। হাতেনাতে সাতজনকে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর বিষয় হলো, যে হোটেলটি থেকে এই বোমাগুলি উদ্ধার হয়েছে, সেটি দীর্ঘদিন ধরে স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী তথা তৃণমূল নেতা বাবু দাসের দখলে রয়েছে বলে অভিযোগ। হোটেলটি স্থানীয় তৃণমূল কার্যালয় থেকে মাত্র কয়েক পা দূরে অবস্থিত।

বিজেপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ তোলা হয়েছে যে, আসন্ন দোলের সময় এলাকায় সন্ত্রাস ছড়াতেই শাসকদলের আশ্রয়ে এই বোমাবাজি ও মজুতের কাজ চলছিল। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে ওই হোটেল থেকে আগে একবার মধুচক্র চালানোর অভিযোগে বাবু দাসের নাম জড়িয়েছিল। বর্তমানে সিআইডি বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ করছে। এই ঘটনার পর শান্তিনিকেতনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং মূল পাণ্ডাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy