শহরে বাস নেই, ট্রেন বন্ধ! জলের তলায় ট্যাক্সি-অটো, হিমশিম খাচ্ছেন নিত্যযাত্রীরা

সোমবারের রাত থেকে শুরু হওয়া নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন কলকাতা ও শহরতলি। যার জেরে মঙ্গলবার সকাল থেকেই বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ জনজীবন। বাস, ট্রেন, অটো, ট্যাক্সি— কোনো পরিষেবাই স্বাভাবিক নেই। বিশেষ করে শিয়ালদহ ও হাওড়া স্টেশনে পরিস্থিতি ভয়াবহ।
শিয়ালদহ স্টেশন চত্বর এবং ইয়ার্ডে জল জমার কারণে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। বাতিল করা হয়েছে শিয়ালদহ থেকে ছাড়া একাধিক দূরপাল্লার ট্রেন, যার মধ্যে অন্যতম হল আপ হাজারদুয়ারি এক্সপ্রেস এবং শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস। বনগাঁ এবং হাসনাবাদ লাইনের পরিষেবাও বিঘ্নিত হয়েছে। একই দুর্ভোগ পোহাচ্ছেন হাওড়া ডিভিশনের যাত্রীরা। হাওড়া ইয়ার্ড জলমগ্ন থাকায় তারকেশ্বর এবং বর্ধমান মেন লাইনের ট্রেন পরিষেবা অনিয়মিত। হাওড়ায় ৯টি পয়েন্ট বিকল হয়ে পড়ে আছে। ব্ল্যাক ডায়মন্ড, গণদেবতা এবং রাঁচি শতাব্দী এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন এখনও ছাড়তে পারেনি। একাধিক লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে।
ট্রেনের বিকল্প হিসেবে বাসের পরিষেবাও পর্যাপ্ত নয়। বেসরকারি বাস রাস্তায় নামেনি বললেই চলে। সরকারি বাসও খুব কম সংখ্যায় চলছে। ট্যাক্সি এবং অটোও প্রায় জলের তলায়। ফলে কর্মস্থলে পৌঁছতে নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহর এবং শহরতলির বেশিরভাগ রাস্তা জলমগ্ন। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েই চলেছে।