শমীকের ওপরই ভরসা দিল্লির! পুরনো সৈনিকদের ফেরাতে রাজ্য সভাপতির সুপারিশে সিলমোহর মোদী-শাহের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলল বিজেপি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির বাসভবনে দীর্ঘ ৩ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর প্রথম দফার ১৫০টি আসনের জন্য নাম বেছে নেওয়া হয়েছে। এই তালিকায় সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে উঠে আসছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম।

সূত্রের খবর, খড়গপুর সদর আসনে বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিলীপ ঘোষকে প্রার্থী করার জোরালো সম্ভাবনা রয়েছে। হিরণের ব্যক্তিগত জীবন এবং দলের সঙ্গে তাঁর সাম্প্রতিক দূরত্বের কারণেই কেন্দ্রীয় নেতৃত্ব পুরনো ও লড়াকু নেতা দিলীপের ওপরই আস্থা রাখতে চাইছে। অন্যদিকে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। শমীকের সুপারিশেই দলের বহু পুরনো ও অভিজ্ঞ কর্মীদের নির্বাচনী ময়দানে নামানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, বর্তমান বিধায়কদের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশকেই পুনরায় টিকিট দেওয়া হবে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এবং কাঁথিতে তাঁর ভাই দিব্যেন্দু অধিকারীর প্রার্থী হওয়ার সম্ভাবনাও প্রবল। এই হাই-ভোল্টেজ বৈঠকে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরের মতো শীর্ষ নেতারা। আগামীকালই প্রধানমন্ত্রী মোদী ব্রিগেডের সভা থেকে কোনো বড় ইঙ্গিত দেন কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy