শতবর্ষের উদযাপনে পড়ুয়াদের হাতে গরম চপ-ঘুগনি! আদ্রার স্কুলের এই কাণ্ড দেখলে অবাক হবেন

পুরুলিয়া জেলার রেল শহর আদ্রার সাউথ ইস্টার্ন রেলওয়ে মিক্সড হাইস্কুল এবার পা রাখল ১০০ বছরে। আর এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। প্রথাগত পড়াশোনার বাইরে বেরিয়ে নিজেদের হাতে তৈরি খাবারের স্টল দিয়ে সকলকে তাক লাগিয়ে দিল স্কুলের পড়ুয়ারা।

স্কুল প্রাঙ্গণেই সারি সারি স্টলে সাজানো ছিল হরেক রকমের জিভে জল আনা খাবার। কোথাও মুচমুচে ফুচকা, কোথাও ধোঁয়া ওঠা ঘুগনি, আবার কোথাও গরম গরম চিকেন পকোড়া ও তেলেভাজা। অবাক করার মতো বিষয় হলো, এই সমস্ত খাবারের কারিগর ও বিক্রেতা ছিল স্কুলেরই ছাত্রছাত্রীরা। তাদের তৈরি ঘরোয়া স্বাদের এই খাবার চেখে দেখতে ভিড় জমিয়েছিলেন অভিভাবক থেকে শুরু করে আমন্ত্রিত অতিথিরাও।

স্কুলের পড়ুয়া লাভলি কুণ্ডু, সুমিত চক্রবর্তী ও আকাশ মিশ্রদের কথায়, “নিজেদের হাতে তৈরি খাবার স্কুলের অনুষ্ঠানে বিক্রি করতে পেরে আমরা গর্বিত। এই অভিজ্ঞতা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল।” বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। মূলত পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে দলগত কাজ এবং স্বনির্ভরতার মানসিকতা গড়ে তুলতেই এই আয়োজন বলে জানা গিয়েছে।