“শওকতকে টিকিট দিলে বিসর্জন দেবে মানুষ!” ভোট ঘোষণার পরেই বিস্ফোরক ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকী

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বাংলার রাজনৈতিক পারদ তুঙ্গে। রবিবার ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে নিশানা করে তীব্র আক্রমণ শানিয়েছেন। পীরজাদার স্পষ্ট হুঁশিয়ারি, “শওকত মোল্লাকে তৃণমূল টিকিট দিলে মানুষ তাকে বিসর্জন দেবে। যে সব বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়াল করে মানুষের ওপর অত্যাচার, তোলাবাজি ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর মিথ্যে মামলা দিয়েছে, তাদের বিরুদ্ধে মানুষ ভোট দেবে।”

ত্বহা সিদ্দিকী এদিন দাবি করেন, বাংলার মানুষ উন্নয়নের পক্ষে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভোট দিতে প্রস্তুত। তিনি বলেন, শওকতের মতো নেতারা বরাবরই দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তি পাকানোর চেষ্টা করেন। তাঁর কথায়, “শওকত নিজে বলেছেন নির্বাচনে কারও জীবন গেলে যাবে—এটাই অশান্তির চাক্ষুষ প্রমাণ। সাধারণ মানুষকে সাবধান থাকতে হবে, কারণ রাজনৈতিক নেতারা গণ্ডগোল পাকাতে পারে।”

ইমাম ভাতা বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, এটি আরও আগে করা উচিত ছিল। ভোটের ঠিক আগে এই ঘোষণা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠতে পারে। একই সঙ্গে, নির্বাচন কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়ে তিনি অভিযোগ করেন, কমিশন রাজ্য সরকারকে কখনোই ভালো চোখে দেখেনি। তবে সবশেষে তাঁর আহ্বান, হিন্দু-মুসলিম নির্বিশেষে কেউ যেন কারও প্ররোচনায় পা না দেন এবং নির্বাচন যাতে সুষ্ঠু ও রক্তপাতহীন হয়, সেই প্রার্থনা করেছেন তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy