‘লোভটা একই থাকবে, পাল্টাবে শুধু বিশ্বাস’! স্বরূপ গ্রেফতার হতেই বিস্ফোরক ঋদ্ধি

বৃহস্পতিবার রাতে নিউ আলিপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন টলিপাড়ার পরিচিত মুখ, অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তোলাবাজি এবং শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে, টলিপাড়ার টেকনিশিয়ানদের কাছ থেকে জোর করে টাকা তুলতেন তিনি। এই গ্রেফতারির পরই টলিউডের অন্দরে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকে এই ঘটনায় স্বস্তি প্রকাশ করলেও, অভিনেতা ঋদ্ধি সেনের সোশ্যাল মিডিয়া পোস্ট পুরো পরিস্থিতিকে ভিন্ন দিকে মোড় দিয়েছে।

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিকে কেন্দ্র করে ঋদ্ধি সেন কটাক্ষের সুরেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। ঋদ্ধি লিখেছেন, “স্বরূপ বাবু আজকে গুপী হলেন, তবে তার গ্রেফতারিতে টলিউডের তথাকথিত ‘বাঘা’দের আনন্দ দেখে বেশ মজা লাগছে।” স্বরূপ বিশ্বাসের সাথে টলিউডের একাংশের সম্পর্কের দিকে আঙুল তুলে ঋদ্ধির দাবি, বিগত ১৫ বছর ধরে স্বরূপ বিশ্বাস ‘গোঁফ চুরির’ যে মিথ্যে নাটক বা অভিযোগ করে এসেছেন, তাতে সায় দিয়েছিলেন ইন্ডাস্ট্রির ছোট-বড় অনেক সদস্যই। অভিনেতার মতে, রাজনৈতিক সুবিধে পাওয়ার জন্য যারা এতদিন স্বরূপ বিশ্বাসের অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, তারাই এখন উল্লাস করছেন।

ঋদ্ধির মতে, স্বরূপ বিশ্বাসের ক্ষমতার উৎস কেবল তিনি নিজে নন, বরং ইন্ডাস্ট্রির সেইসব সহকর্মীরা যারা নিজেদের লোভ চরিতার্থ করার জন্য তাকে মদত দিয়েছেন। ঋদ্ধি লিখেছেন, “যারা সেদিন তার গর্জনের সাথে গলা মিলিয়ে এফআইআর করতে গিয়েছিলেন, তারা আজ নিজেদের বিবেক ভুলে উল্লাস করছে।” এখানেই শেষ নয়, টলিউডের বর্তমান অস্থিরতা এবং নতুন সরকার গঠনের প্রেক্ষিতে ইন্ডাস্ট্রির হাল ফেরানোর যে দাবি উঠছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ঋদ্ধি। তার কথায়, “লোভটা একই থাকবে, পাল্টাবে শুধু ‘বিশ্বাস’।” অর্থাৎ, স্বরূপ বিশ্বাসের পতনেও ইন্ডাস্ট্রির মানসিকতার কোনো পরিবর্তন হবে কি না, তা নিয়ে ঘোর সংশয়ে এই অভিনেতা।

প্রসঙ্গত, টলিপাড়ার বর্তমান পরিস্থিতিতে কলাকুশলীরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠি দিয়ে ইন্ডাস্ট্রির গৌরব পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, সকলের লক্ষ্য হলো টলিপাড়ায় কাজের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা। কিন্তু ঋদ্ধি সেনের এই বিস্ফোরক মন্তব্য বুঝিয়ে দিচ্ছে, রাজনীতির রং বদলালেও ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ কাদা ছোড়াছুড়ি এবং দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ সহসা মেটার নয়।

শুক্রবার স্বরূপ বিশ্বাসকে আলিপুর আদালতে পেশ করা হবে। তার গ্রেফতারিকে কেন্দ্র করে টলিপাড়ায় যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, তা আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন বড় প্রশ্ন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy