লোন পাইয়ে দেওয়ার নামে অভিনব প্রতারণা! হাওড়ার টিকিয়াপাড়ায় বহু নিরীহ মহিলার লাখ লাখ টাকা লুঠ, গ্রেফতার অভিযুক্ত

ঋণ পাইয়ে দেওয়ার নাম করে অভিনব কায়দায় প্রতারণার ছক। সেই ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হলেন হাওড়ার টিকিয়াপাড়া এলাকার বহু মহিলা। এই প্রতারণার অভিযোগ স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে হাওড়া থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

অভিযুক্তের নাম সাহিল (৩০)। হাওড়ার হামিদ মুন্সি লেনের বাসিন্দা এই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ঋণ পাইয়ে দেওয়ার নামে একাধিক মহিলাকে প্রতারণার জালে ফাঁসিয়েছেন। বৃহস্পতিবার এই ঘটনা সামনে আসতেই টিকিয়াপাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।

মাইক্রোফাইন্যান্স সংস্থার লোক আসতেই ফাঁস হলো জালিয়াতি
জানা গেছে, টাকার প্রয়োজনে বাধ্য হয়ে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এলাকার বহু মহিলা। অভিযুক্ত সাহিল সেই অসহায়তার সুযোগ নেয়।

প্রতারণার পদ্ধতি: মহিলাদের কাছ থেকে সমস্ত তথ্য নেয় সাহিল। ঋণ পাইয়ে দেওয়ার নাম করে কারও কাছ থেকে ২ হাজার, কারও কাছ থেকে ৪ হাজার টাকাও হাতিয়ে নেয় বলে অভিযোগ।

ফাঁস হলো কীভাবে: কিছুদিন পর, মাইক্রোফাইন্যান্স কোম্পানির লোকেরা লোনের টাকা আদায় করতে ওই এলাকায় হাজির হয়। তখনই মহিলারা জানতে পারেন, তাদের নামেই লোন তোলা হয়েছে, কিন্তু ঋণের টাকা তাঁরা হাতে পাননি।

তখনই তাঁরা বুঝতে পারেন, তাঁদের তথ্য জালিয়াতি করে কয়েক লাখ টাকা লোন তুলে নেওয়া হয়েছে।

ক্ষুব্ধ মহিলাদের বিক্ষোভ
এ খবর জানা মাত্রই প্রতারিত মহিলারা ক্ষোভে ফেটে পড়েন। এদিন প্রতারিত মহিলারা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত সাহিলের মাকে ঘিরে ধরেন। তাঁরা অভিযোগ করেন, “আমরা টাকার প্রয়োজনে বাধ্য হয়ে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তাঁর ছেলে সেই অসহায়তার সুযোগ নিয়ে প্রতারণা করেছে।”

এই ঘটনা সামনে আসতেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। অভিযোগের ভিত্তিতে হাওড়া থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত সাহিলকে গ্রেফতার করেছে। পুলিশের তদন্তে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy