সংসদের নিম্নকক্ষ লোকসভায় সংঘাত পৌঁছল চরম সীমায়। স্পিকার ওম বিড়লার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাঁর অপসারণের দাবিতে অনাস্থা নোটিস জমা দিল বিরোধী দলগুলি। কংগ্রেসের পক্ষ থেকে আনা এই প্রস্তাবে ইতিমধ্যে স্বাক্ষর করেছে আরজেডি, বাম দল এবং বিরোধী শিবিরের অন্যান্য শরিকরা। সংসদীয় ইতিহাসে স্পিকারের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত বিরল বলে মনে করছে রাজনৈতিক মহল।
দীর্ঘদিন ধরেই বিরোধীদের অভিযোগ, স্পিকার ওম বিড়লা বিরোধী সদস্যদের বক্তব্য রাখার সুযোগ দিচ্ছেন না এবং একতরফাভাবে বিরোধীদের কণ্ঠরোধ করছেন। গত কয়েকদিন ধরে সংসদের অচলাবস্থা কাটানোর পরিবর্তে একাধিক বিরোধী সাংসদকে সাসপেন্ড করার পর থেকেই ক্ষোভের আগুন জ্বলছিল। এদিন কংগ্রেসের সিনিয়র নেতৃত্ব লোকসভা সচিবালয়ে এই প্রস্তাব জমা দেন। বিরোধী দলগুলির দাবি, “যিনি নিরপেক্ষভাবে কক্ষ পরিচালনা করতে পারেন না, তাঁর স্পিকার পদে থাকার নৈতিক অধিকার নেই।” অন্যদিকে, বিজেপি এই পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক’ এবং ‘সংসদীয় শিষ্টাচারের পরিপন্থী’ বলে আক্রমণ শানিয়েছে। এখন দেখার বিষয়, এই নোটিস গৃহীত হওয়ার পর লোকসভার সমীকরণ কোন দিকে মোড় নেয়।