লাউ বাগানে পাশবিকতা! বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে ধর্ষণের অভিযোগ ৫০ বছরের প্রতিবেশীর বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক নারকীয় ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। এক বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে খাবারের লোভ দেখিয়ে লাউ বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল ৫০ বছর বয়সী এক প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামলেও অভিযুক্ত প্রতিবেশী বর্তমানে পলাতক।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার রাতে ওই যুবতী নিজের বাড়ির বারান্দায় বসেছিলেন। সেই সময় প্রতিবেশী ওই প্রৌঢ় তাঁকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি লাউ বাগানে ডেকে নিয়ে যান। অভিযোগ, সেখানে তাঁর ওপর পাশবিক অত্যাচার চালানো হয়। বেশ কিছুক্ষণ মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বেরোলে বাগান থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। পরে জ্ঞান ফিরলে যুবতী আকারে-ইঙ্গিতে সমস্ত কথা পরিবারকে জানান।

নির্যাতিতার বৌদি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “ওকে খাবারের লোভ দেখিয়ে নিয়ে গিয়েছিল। মুখ খুললে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। আমরা চাই ওর ফাঁসি হোক।” পরিবারের পক্ষ থেকে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে এবং খুব দ্রুত তাঁকে গ্রেফতার করা হবে।