লখনউয়ে মাঝরাস্তায় সাক্ষাৎ মৃত্যু! প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই বিরাট গর্তে তলিয়ে গেল বাইক!

মঙ্গলবার ভারী বৃষ্টির পর উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের রাস্তার বেহাল দশা ও চরম অব্যবস্থা ফের একবার প্রকাশ্যে চলে এল। আকস্মিক রাস্তা ধসে পড়ার কারণে শহরের অন্যতম ব্যস্ত আইটি মোড়ের কাছে প্রধান সড়কে একটি বিশাল আকৃতির বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো, এই গভীর গর্তটি রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মার বাসভবন থেকে মাত্র কয়েক পা দূরে অবস্থিত। এই ঘটনায় পাশ দিয়ে যাওয়া এক বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সেই গভীর গর্তে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন। স্থানীয় সাহসী পথচারীরা অত্যন্ত দ্রুততার সঙ্গে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত লখনউ জুড়ে অত্যন্ত প্রবল বৃষ্টিপাত হয়। প্রায় দু’ঘণ্টা একটানা চলা তীব্র বর্ষণের জেরে শহরের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। একাধিক প্রধান রাস্তা জলের নিচে চলে যায় এবং বিভিন্ন জায়গায় রাস্তা ধসের ঘটনা ঘটে। ঠিক এই আবহে আইটি মোড়ের কাছে প্রধান সড়কের একটি বিশাল অংশ হঠাৎ হুড়মুড়িয়ে ধসে পড়ে প্রায় ৭ থেকে ১০ ফুট গভীর একটি বিরাট গর্তের সৃষ্টি করে। ব্যস্ত রাস্তার মাঝখানে হঠাৎ এমন বিপজ্জনক গর্ত তৈরি হওয়ায় সাধারণ মানুষ ও চালকদের মধ্যে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় এক মোটরসাইকেল চালক বৃষ্টির মধ্যে ওই পথ দিয়ে যাওয়ার সময় গর্তটি দেখতে পাননি। ফলে তিনি সোজা বাইক নিয়ে ওই খাদে পড়ে যান। মুহূর্তের মধ্যে সেখানে স্থানীয় মানুষের উপচে পড়া ভিড় জমে যায়। সাহসিকতার পরিচয় দিয়ে স্থানীয় বাসিন্দারা আহত বাইকচালককে দ্রুত গর্ত থেকে ওপরে তুলে আনেন এবং হাসপাতালে পাঠান। এই আকস্মিক দুর্ঘটনায় ওই চালক গুরুতর জহম হয়েছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে ছুটে আসে। অন্য কোনো বড় গাড়ি বা পথচারী যাতে আর ওই গর্তে না পড়ে, সেজন্য পুলিশ চারপাশ ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে। তবে এই ঘটনার জেরে প্রধান সড়কে দীর্ঘক্ষণ তীব্র যানজট ও যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়।

এই ঘটনার পরেই শহরের ভিআইপি এলাকার নিরাপত্তা ব্যবস্থা, নিকাশি এবং রাস্তার মান নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। যে রাস্তাটিতে এই ধস নেমেছে, সেটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত যাতায়াতের পথ। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। অথচ সামান্য বৃষ্টিতেই যদি এমন ৭ ফুট গভীর গর্ত তৈরি হয়, তবে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত। এছাড়া ঘটনার পর পুলিশ প্রশাসন সময়মতো ব্যারিকেড না দেওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ আরও দ্বিগুণ হয়েছে। বৃষ্টির পর লখনউয়ের অন্তত তিনটি আলাদা জায়গায় এমন রাস্তা ধস ও গর্তের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এখন দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং বেহাল রাস্তাগুলো মেরামতের দাবি জানিয়েছেন।