রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী বা রূপশ্রী—প্রতি মাসেই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় সরকারি অনুদান। তবে এবার এই ভাতা নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে নবান্ন। ভুয়ো উপভোক্তা রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন বড়সড় পদক্ষেপের পথে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা অবৈধভাবে বা ভুল তথ্য দিয়ে ভাতা নিচ্ছেন, তাদের জন্য দুঃসময় আসতে চলেছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে কড়া নজরদারি শুরু হয়েছে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে, তবে চলতি মাস থেকেই টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া প্রকল্পের বয়সসীমা (২৫ থেকে ৬০ বছর) না মানলে বা কোনো সরকারি স্থায়ী কর্মসংস্থান অথবা পেনশনভোগী হলে আর মিলবে না এই সুবিধা।
নতুন আবেদনকারীদের জন্যও বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। টাকা পেতে দেরি হলে বা আবেদনের বর্তমান পরিস্থিতি জানতে সরকারি পোর্টালে স্ট্যাটাস চেক করা বাধ্যতামূলক। সেখানে ‘পেমেন্ট আন্ডার প্রসেস’ (Payment Under Process) থাকলে তবেই নিশ্চিত হওয়া যাবে। তাই সরকারি টাকা নিরবিচ্ছিন্নভাবে পেতে আজই আপনার নথিপত্র এবং ব্যাঙ্ক ডিটেইলস যাচাই করে নিন।