নেপালের রাজনৈতিক পটপরিবর্তনের আবহে বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিমালয়ের কোলের এই পড়শি দেশে প্রথাগত রাজনীতিকে চূর্ণ করে ক্ষমতায় এসেছে ৩৫ বছর বয়সি বলেন্দ্র শাহের দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (RSP)। এই অভাবনীয় জয়ের পর সোমবার হবু প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এবং দলের চেয়ারম্যান রবি লামেছানের সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদী।
নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “রবি লামেছানে এবং বলেন্দ্র শাহের সঙ্গে উষ্ণ কথোপকথন হয়েছে। নেপালের নির্বাচনে তাঁদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছি। ভারত পারস্পরিক সমৃদ্ধি ও কল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।” উল্লেখ্য, ১৬৫টি আসনের মধ্যে ১২৫টিতেই জয় ছিনিয়ে নিয়েছে বলেন্দ্রর দল। খোদ প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে তাঁরই গড় ঝাপা-৫ কেন্দ্রে হারিয়ে চমক দিয়েছেন এই প্রাক্তন র্যাপার ও কাঠমান্ডুর মেয়র।
তবে বলেন্দ্রর এই উত্থানে উচ্ছ্বাসের পাশাপাশি ভারতের কপালে চিন্তার ভাঁজও রয়েছে। ২০২৩ সালে কাঠমান্ডুর মেয়র থাকাকালীন বলেন্দ্র তাঁর দফতরে এক ‘বৃহত্তর নেপালে’র মানচিত্র রেখেছিলেন, যেখানে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের একাংশকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছিল। এমনকি ভারত, চিন ও আমেরিকাকে কড়া বার্তাও দিয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে ভারতের উন্মুক্ত সীমান্ত সুরক্ষিত রাখতে নেপালের এই তরুণ নেতৃত্বের সঙ্গে নয়াদিল্লি কীভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যায়, সেদিকেই তাকিয়ে কূটনৈতিক মহল।