ভারতীয় ক্রিকেটে এখন একটাই লক্ষ্য— ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ। আর সেই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে মাস্টারপ্ল্যান সাজাতে শুরু করে দিয়েছে বিসিসিআই এবং নির্বাচক কমিটি। প্রধান নির্বাচক অজিত আগরকর ইতিমধ্যেই ২০২৭ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে নিজের মেয়াদের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছেন বোর্ডের কাছে। সূত্রের খবর, দলের ধারাবাহিকতা বজায় রাখতে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফল করতেই এই পদক্ষেপ নিতে চাইছেন তিনি।
নির্বাচক কমিটি ইতিমধ্যেই ২০ জন ক্রিকেটারের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে, যাঁদের ওপর ভিত্তি করেই আগামী তিন বছরের পরিকল্পনা এগোবে। এই তালিকায় যেমন অভিজ্ঞরা রয়েছেন, তেমনই জায়গা পেয়েছেন প্রতিভাবান তরুণ তুর্কিরাও। তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই মহাতারকা— রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপই হতে চলেছে এই দুই কিংবদন্তির শেষ বিশ্বকাপ অভিযান।
২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিরাট কোহলি একবার বিশ্বজয়ের স্বাদ পেলেও, রোহিত শর্মার ক্যাবিনেটে ওডিআই বিশ্বকাপের ট্রফিটি এখনও অধরা। ২০২৩ সালে ঘরের মাঠে খুব কাছে গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছিল ‘হিটম্যান’-এর। তাই কেরিয়ারের গোধূলি বেলায় রোহিত চাইছেন একটি ওডিআই বিশ্বকাপ জিতেই মাঠ ছাড়তে। আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলীও চাইছে এমন এক শক্তিশালী দল গড়তে, যা দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ার মাটিতে ইতিহাস গড়তে পারে। টিম ইন্ডিয়ার এই প্রস্তুতি কি পারবে রোহিতের আক্ষেপ দূর করতে? নজর থাকবে ক্রিকেট বিশ্বের।