রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার কঙ্কালসার দশা আবারও প্রকাশ্যে এল। হুগলির ভদ্রেশ্বরের গৌরহাটি ইএসআই (ESI) হাসপাতালে দেখা গেল এক চাঞ্চল্যকর দৃশ্য— যেখানে রোগীর শয্যায় মানুষের বদলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে একটি সারমেয়। পাশেই আরেকটি শয্যায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন এক রোগী। স্থানীয় বিজেপি নেতৃত্বের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে স্বাস্থ্য মহলে।
ভদ্রেশ্বর জুটমিলের শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ‘বেড নেই’ বলে রোগীদের হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অথচ বিজেপির পরিদর্শনে ধরা পড়ল অন্য ছবি। হাসপাতালের মহিলা ওয়ার্ডের খালি শয্যা এখন সারমেয়দের দখলে। প্রতিবাদী বিজেপি নেতা কিষাণ সাউয়ের দাবি, “বেলা সাড়ে ১১টা বাজলেও সুপার নেই, সার্ভার ডাউন থাকায় কাজ বন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় হাসপাতালের বেড এখন মানুষের বদলে কুকুরের জন্য সংরক্ষিত।” বিজেপি মুখপাত্র কেয়া ঘোষও এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েননি।
হাসপাতাল সুপার সোমনাথ পাণ্ডে ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, “ভিডিওটি আমার কাছে এসেছে। রোগীর বেডে কুকুর শোয়া কোনোভাবেই কাম্য নয়। সেই সময় যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের শোকজ করা হচ্ছে।” হাসপাতালের ২১৬টি শয্যার বিপরীতে নিরাপত্তা কর্মীর অভাব রয়েছে বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে, তৃণমূল বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন, তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানাবেন।