শীতকাল আসন্ন। এই সময়ে ট্রেনে সফরকারী যাত্রীদের মধ্যে চাদর-কম্বলের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে দীর্ঘদিনের যে সংশয় ছিল, তা দূর করতে এবার বিশেষ উদ্যোগ নিল ভারতীয় রেলওয়ে (Indian Railways)। এখন থেকে এসি কোচে (AC Coach) শুধু কম্বল বা চাদর নয়, তার সঙ্গে কম্বলের কভারও (Blanket Cover) দেওয়া হবে।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) বৃহস্পতিবার, ১৬ অক্টোবর এই পাইলট প্রকল্পের সূচনা করেন। রেলমন্ত্রী জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ট্রেনে পরিচ্ছন্নতা বাড়ানো এবং যাত্রীদের আরও আরামদায়ক ও স্বাস্থ্যকর যাত্রা নিশ্চিত করা।
কেন এই নতুন ব্যবস্থা?
দীর্ঘদিন ধরেই রেল যাত্রীরা অভিযোগ জানিয়ে আসছিলেন যে, ট্রেনে সরবরাহ করা চাদর, বালিশের কভার ও বিশেষত কম্বলগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। এর ফলে স্বাস্থ্যবিধি নিয়ে যাত্রীদের মনে প্রশ্ন উঠত। যাত্রীদের সেই সংশয় দূর করতেই এবং পরিচ্ছন্নতার অনুভূতি আরও একটু বাড়াতে এবার প্রিন্টেড ব্ল্যাঙ্কেট কভার (Printed Blanket Cover) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোথা থেকে শুরু এই পরিষেবা?
প্রাথমিকভাবে জয়পুর-অসরভা এক্সপ্রেস (Jaipur-Asarva Express) ট্রেন থেকে এই কম্বলের কভার দেওয়ার ব্যবস্থা চালু করা হবে। যদি পাইলট প্রকল্পটি সফল হয়, তাহলে দ্রুত তা দেশের অন্যান্য ট্রেনেও চালু করার পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের।
কম্বল কতবার কাচা হয়?
ট্রেনের কম্বল পরিচ্ছন্নতা নিয়ে যাত্রীদের উদ্বেগ নতুন নয়। গত বছর নভেম্বর মাসে লোকসভায় এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে, ট্রেনের কম্বলগুলি মাসে অন্তত একবার কাচা হয়। যাত্রীদের মধ্যে পরিচ্ছন্নতার মান নিয়ে যে প্রশ্ন ছিল, এই নতুন কম্বল কভারের ব্যবস্থা সেই উদ্বেগের কিছুটা হলেও নিরসন করবে বলে আশা করা হচ্ছে।