রেলে গাঁজা পাচারের ছক বানচাল! আরপিএফ-এর অভিযানে উদ্ধার ৬০ কেজি মাদক, গ্রেফতার ৩

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (NFR) রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) মাদক পাচার দমনে ফের বড়সড় সাফল্য পেয়েছে। গত ২০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চালানো বিশেষ তল্লাশি অভিযানে বিভিন্ন স্টেশন থেকে প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে আরপিএফ। উদ্ধার হওয়া এই নিষিদ্ধ মাদকের বাজারমূল্য ২৯ লক্ষ টাকারও বেশি। এই ঘটনায় তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানের খতিয়ান:

২০ এপ্রিল (নিউ জলপাইগুড়ি): এনজেপি স্টেশনে আরপিএফ কর্মীরা দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেন। প্রথম অভিযানে ১৮ কেজি এবং দ্বিতীয় অভিযানে ১৩.৮০ কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়। সব মিলিয়ে এনজেপি থেকেই প্রায় ১৬ লক্ষ টাকার মাদক উদ্ধার হয়েছে।

২১ এপ্রিল (আগরতলা): আগরতলা রেল স্টেশনে আরপিএফ এবং জিআরপি যৌথ অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে। তাদের কাছ থেকে ১০.৭৪ লক্ষ টাকা মূল্যের ২১.৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

২২ এপ্রিল (আগরতলা): ফের আগরতলা স্টেশন থেকেই এক ব্যক্তিকে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।

রেল চত্বর ও ট্রেনে মাদক পাচার রুখতে ধারাবাহিকভাবে নজরদারি এবং গোয়েন্দা-ভিত্তিক অপারেশন চালিয়ে আসছে আরপিএফ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ কার্যকলাপ দমনে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাজেয়াপ্ত মাদক পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জিআরপি-র হাতে হস্তান্তর করা হয়েছে।