রেললাইন পারাপার করতে গিয়ে অসতর্কতা ডেকে আনতে পারে চরম বিপদ। বারংবার সচেতন করা সত্ত্বেও একদল মানুষ শর্টকাট মারতে গিয়ে নিজের জীবন তুচ্ছ করে রেললাইন টপকান। কিন্তু এবার লাইনের মাঝে যা দেখা গেল, তাতে আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় যাত্রীদের! লাইনের ওপারে দাঁড়িয়ে খোদ ‘যমরাজ’। পাশে খাতা-পেন্সিল নিয়ে তৈরি চিত্রগুপ্তও। লাইন টপকালেই সোজা নরকের টিকিট বুকিং।
সম্প্রতি রেললাইনের ওপর এমন এক অভাবনীয় দৃশ্য দেখে থমকে গেলেন নিত্যযাত্রীরা। দেখা গেল, ট্র্যাডিশনাল যমরাজের পোশাকে, মাথায় মুকুট আর হাতে বিশাল গদা নিয়ে লাইনের ওপর টহল দিচ্ছেন এক ব্যক্তি। তাঁর সাথে রয়েছেন চিত্রগুপ্ত, যিনি হিসেব রাখছেন কার আয়ু কতটুকু বাকি। আসলে এটি একটি বিশেষ সচেতনতামূলক প্রচার। রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের হুঁশিয়ারি দিতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, যারা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রেললাইন পার হওয়ার চেষ্টা করছেন, যমরাজ তাঁদের পথ আটকে দাঁড়াচ্ছেন। মজার ছলে হলেও বার্তার গভীরতা ছিল স্পষ্ট— “আজ যদি আমি আপনাকে না ধরি, তবে আসল যমরাজ ঠিকই ধরে নেবেন।” যাত্রীদের বোঝানো হচ্ছে যে, কয়েক সেকেন্ড বাঁচানোর চক্করে নিজের পুরো জীবনটা ঝুঁকির মুখে ফেলবেন না। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নেটিজেনরা রেলওয়ের এই সৃজনশীল ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন।