রেড রোড থেকে হাওড়ামুখী যাতায়াতে বড় প্রভাব! যোগ দিবসের প্রস্তুতির জেরে এক সপ্তাহ ভোগান্তির আশঙ্কা

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে কলকাতার রেড রোডে আয়োজিত হতে চলেছে এক মহাসমারোহপূর্ণ অনুষ্ঠান। আর এই মেগা ইভেন্টকে নির্বিঘ্ন করতে এবং নিরাপত্তার খাতিরে শহরজুড়ে কড়া ট্র্যাফিক অ্যাডভাইজারি জারি করল কলকাতা পুলিশ। লালবাজারের তরফে জানানো হয়েছে, অনুষ্ঠানের প্রস্তুতি এবং নিরাপত্তার স্বার্থে ১৪ জুন রাত ১০টা থেকেই রেড রোড ও তার পার্শ্ববর্তী একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ জুন পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ফলে দক্ষিণ ও মধ্য কলকাতার নিত্যযাত্রীদের আগামী এক সপ্তাহ চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে। সাধারণ মানুষের হয়রানি কমাতে পুলিশ একাধিক বিকল্প রাস্তার রূপরেখা তৈরি করেছে।
যোগ দিবসের দিন, অর্থাৎ ২১ জুন ট্র্যাফিক নিয়ন্ত্রণ আরও কঠোর হবে। ওইদিন রাত ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শহরের বেশ কিছু রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই তালিকার মধ্যে রয়েছে—মৌলালি মোড় থেকে এজেসি বোস রোডের দক্ষিণমুখী অংশ, সেন্ট জর্জেস গেট রোড, সিআর অ্যাভিনিউয়ের দক্ষিণমুখী অংশ এবং জওহরলাল নেহরু রোডের উভয় দিক। এছাড়া স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশেও ভারী যান চলাচল নিষিদ্ধ থাকবে।
শুধু পণ্যবাহী গাড়ি নয়, ২১ জুন রাত ২টো থেকে অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা সাধারণ যান চলাচলের জন্য পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—হসপিটাল রোডের পূর্ব ও পশ্চিম অংশ, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, কিংসওয়ে (গোষ্ঠ পাল সরণি), কুইন্সওয়ে, ডাফরিন রোড এবং আউটরাম রোড। এছাড়া খিদিরপুর রোড, আরআর অ্যাভিনিউ এবং এসপ্ল্যানেড র্যাম্পের একাংশ দিয়েও গাড়ি যাতায়াত করতে পারবে না। বিশেষ পারমিট স্টিকার লাগানো গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন মেয়র রোড দিয়ে চলাচলের অনুমতি পাবে না।
যানজটের ভোগান্তি এড়াতে কলকাতা পুলিশ বিশেষ বিকল্প রুট পরিকল্পনা করেছে। ডালহৌসি ও হাওড়ামুখী বাসগুলিকে বেলভেডিয়ার রোড, এজেসি বোস রোড, টার্ফ ভিউ এবং এজেসি র্যাম্প হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, দক্ষিণ কলকাতাগামী যানবাহনগুলিকে মেয়র রোড, ডাফরিন রোড এবং জওহরলাল নেহরু রোড হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের তরফ থেকে সাফ জানানো হয়েছে, ২১ জুন শহরের ট্র্যাফিক পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনবোধে অন্যান্য সংযোগকারী রাস্তার রুটও তাৎক্ষণিকভাবে পরিবর্তন করা হতে পারে। যানজটের সম্ভাবনা থাকায় নিত্যযাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বাড়ি থেকে বেরোনোর পরামর্শ দিয়েছে ট্র্যাফিক বিভাগ। রেড রোডের এই মেগা ইভেন্ট শেষ না হওয়া পর্যন্ত শহরবাসীকে ধৈর্য ধরে ট্র্যাফিক নিয়ম মেনে চলার আবেদন জানানো হয়েছে।