রাহুল গান্ধীর বুকে গুলি করা হবে’! প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন কেরলের বিজেপি মুখপাত্র, উত্তপ্ত রাজনীতি!

কেরলের এক টেলিভিশন চ্যানেলের প্রাইমটাইম আলোচনা অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির এক মুখপাত্রের বিরুদ্ধে। এই গুরুতর মন্তব্যের জেরে রাজ্যের রাজনীতিতে তীব্র শোরগোল সৃষ্টি হয়েছে। অভিযুক্ত বিজেপি নেতার নাম প্রিন্টু মহাদেব (Printu Mahadev)।
এই ঘটনায় কড়া আইনি ও দলীয় পদক্ষেপের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Home minister Amit Shah) চিঠি দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল (K C Benugopal)।
কী বলেছিলেন বিজেপি মুখপাত্র?
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রাক্তন নেতা তথা বর্তমানে কেরল বিজেপির অন্যতম মুখপাত্র প্রিন্টু মহাদেব একটি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দেন। সেখানে লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনার সময় তিনি বলেন, রাহুল গান্ধীর বুক লক্ষ্য করে গুলি করা হবে।
কংগ্রেস সাধারণ সম্পাদক বেণুগোপাল তাঁর চিঠিতে এই মন্তব্যকে ‘হিংসায় উসকানির এক ভয়ঙ্কর দৃষ্টান্ত’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি লেখেন, “এটি কোনও মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা বা অসাবধানতাবশত অতিরঞ্জনও নয়। এটি বিরোধী দলনেতা এবং ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বিরুদ্ধে একটি পরিকল্পিত হত্যার হুমকি।”
বেণুগোপালের কড়া বার্তা:
কেসি বেণুগোপাল স্বরাষ্ট্রমন্ত্রীকে সাফ জানিয়েছেন, কেন্দ্রে ক্ষমতাসীন দলের একজন সরকারি মুখপাত্রের এই ধরনের ‘বিষাক্ত বক্তব্য’ শুধু রাহুল গান্ধীর জীবনকেই তাৎক্ষণিক ঝুঁকির মধ্যে ফেলেনি, বরং তা সংবিধান, আইনের শাসন এবং প্রতিটি নাগরিকের মৌলিক নিরাপত্তার নিশ্চয়তাকেও হুমকির মুখে ফেলেছে।
তিনি হুঁশিয়ারি দেন, যদি বিজেপির ওই মুখপাত্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তবে কংগ্রেস ধরে নেবে যে কেন্দ্রের সরকার কংগ্রেস নেতার উপর হিংসাকেই একটি স্বাভাবিক ঘটনা হিসাবে দেখছে।
নিরাপত্তা ফাঁস নিয়েও প্রশ্ন:
বেণুগোপাল আরও উল্লেখ করেন যে সামাজিক মাধ্যমেও অনবরত রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে তিনি রাহুল গান্ধীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের লেখা একটি নিরাপত্তা সংক্রান্ত চিঠি সম্প্রতি সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন। বেণুগোপাল স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ‘রহস্যময়’ চিঠি ফাঁসের বিষয়টি খতিয়ে দেখারও অনুরোধ জানিয়েছেন।