সংসদে অনাস্থা প্রস্তাবের বিতর্কে অংশ নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরাসরি হুঙ্কার দিলেন— “সংসদকে দয়া করে নিজেদের পার্টি অফিস বানিয়ে ফেলবেন না।” মঙ্গলবার লোকসভায় ভাষণ দেওয়ার সময় সায়নী অভিযোগ করেন, সংসদীয় গণতন্ত্রের অমর্যাদা করে বিরোধী কণ্ঠস্বরকে চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অখিলেশ যাদবদের মতো বিরোধী নেতাদের বক্তব্য রাখার সময় বা কোনও রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
সায়নী তাঁর বক্তব্যে আরও বলেন, “রেল বাজেট বাতিল করা হচ্ছে, গণতান্ত্রিক রীতিনীতি তোয়াক্কা না করে মাঝরাতে বিল পেশ করা হচ্ছে। বিরোধীদের কোনও বই উদ্ধৃত করার অনুমতি নেই, অথচ সরকারের প্রিয় পাত্ররা যা খুশি করার ছাড় পাচ্ছেন।” বিরোধীদের প্রতি সরকারের এই বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে তৃণমূলের সংহতির বার্তা দেন তিনি। তাঁর এই ঝাঁঝালো বক্তৃতা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। সায়নীর স্পষ্ট বার্তা, সংসদ জনগণের কণ্ঠস্বর তুলে ধরার জায়গা, কোনও নির্দিষ্ট দলের খেয়ালখুশি চরিতার্থ করার জায়গা নয়।