রাস্তার ধারে খেলাধুলা করার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো চার শিশু। দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের খড়গাছি-চাঁদপুর এলাকায় পিচ রাস্তা মেরামতির কাজের জন্য রাখা একটি ২০০ লিটারের ডিজেল অয়েল বোঝাই ড্রামে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছে ৪টি শিশু। যন্ত্রণায় ছটফট করতে করতে এক শিশু পাশের পুকুরেই ঝাঁপ দেয়।
আহতদের মধ্যে ৮ বছরের সাদিকুল আহমেদ, ৯ বছরের রায়ান মোল্লা এবং ১০ বছরের সামিউল মোল্লাকে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সাদিকুলের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং বাকিরাও বার্ন ইউনিটের আইসিইউ-তে চিকিৎসাধীন। মঙ্গলবার বিকেলের এই ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে এবং কেন ওই ড্রামে বিস্ফোরণ ঘটল, তা নিয়ে ফরেনসিক তদন্তের দাবি উঠেছে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক শওকত মোল্লা। পরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস হাসপাতালে গিয়ে আহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সমস্ত দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। পিচ রাস্তা মেরামতির কাজে ব্যবহৃত রাসায়নিকের ড্রাম জনবহুল এলাকায় এভাবে কেন অরক্ষিত অবস্থায় রাখা হয়েছিল, তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ এলাকাবাসী।