রাস্তায় ব্যারিকেড, টায়ার জ্বালিয়ে অবরোধ! ৪ বছর ধরে বেহাল রাস্তা, পুজোর আগে ক্ষুব্ধ মালদহের বাসিন্দারা

পুজোর আবহে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দুর্গাবাড়ি মোড়ে তুমুল বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। বাঁশের ব্যারিকেড তৈরি করে এবং টায়ার জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে তারা পথ অবরোধ করে রাখেন।

স্থানীয়দের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় থেকে দুর্গামন্দির পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ রাস্তা গত চার বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। পিচের প্রলেপ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। মাস ছয়েক আগে ইট ফেলে কোনোমতে মেরামত করা হলেও, বর্ষার বৃষ্টিতে রাস্তা আরও ভয়াবহ রূপ নিয়েছে।

এই রাস্তাটি বাংলা-বিহার সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন সাত-আটটি গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ এই পথ দিয়েই যাতায়াত করেন। স্কুল, হাসপাতাল এবং ব্লক অফিসে যাওয়ার একমাত্র পথ এটি। দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় পুজোর আগে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।

অবরোধ চলাকালে ঘটনাস্থলে আসেন হরিশ্চন্দ্রপুরের জয়েন্ট বিডিও। ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ব্লক প্রশাসন দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।