দমদম থেকে নিখোঁজ শিশু, নাম জড়াল অধ্যাপিকার! ভালো মানুষ করার নামে কি চলতো শিশু পাচার?

দমদম স্টেশন সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হওয়া এক শিশুকন্যাকে কসবা থেকে উদ্ধার করেছে কলকাতা পুলিশ। এই ঘটনায় এক কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অধ্যাপিকা দাবি করেছেন, তিনি শিশুটিকে ভালো মানুষ করার উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলেন।

জানা গিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন দমদম স্টেশন চত্বরে ফুটপাতে থাকা একটি পরিবারের শিশুকন্যা নিখোঁজ হয়। শিশুটির পরিবার সিঁথি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবতী শিশুটিকে কোলে করে নিয়ে যাচ্ছেন। সেই সূত্র ধরে পুলিশ কসবা এলাকায় অভিযান চালায় এবং সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে। একই সঙ্গে কলকাতার একটি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অরুণিমা চন্দ (৫২), তার মেয়ে অনুষ্কা চন্দ চৌধুরী (২০) এবং ভাই অনুভব চন্দকে গ্রেপ্তার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে অরুণিমা চন্দ দাবি করেন, ফুটপাতের শিশুদের ভালো মানুষ করার জন্য তিনি নিজের কাছে এনেছিলেন। তবে পুলিশ তার এই দাবি খতিয়ে দেখছে। প্রশ্ন উঠেছে, পরিবারের অনুমতি ছাড়া এভাবে শিশুদের নিয়ে যাওয়া কতটা আইনসম্মত? এলাকার মানুষ এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে।