রাষ্ট্রপতি মুর্মুর আমন্ত্রণ প্রত্যাখ্যান তৃণমূল সাংসদদের, নেপথ্যে কি তবে মমতার সেই পুরনো বিতর্ক?

আগামী ১৬ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডাকা প্রাতঃরাশের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাস চলায় দলের মুসলিম সাংসদদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বয়কট ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা।

রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশের মতে, রাষ্ট্রপতির সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সফরের সময়কার তিক্ত অভিজ্ঞতাই এই বয়কটের মূল কারণ। উল্লেখ্য, রাষ্ট্রপতি যখন আদিবাসী সম্মেলনে যোগ দিতে রাজ্যে এসেছিলেন, তখন তৃণমূলের ধর্না কর্মসূচির কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের কোনো মন্ত্রী তাকে স্বাগত জানাতে যাননি। উল্টে মুখ্যমন্ত্রী পালটা ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে কড়া সমালোচনা করেছিলেন।

বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে রাষ্ট্রপতির সাংবিধানিক পদের প্রতি চরম অপমান বলে অভিহিত করেছে। তাদের দাবি, তৃণমূল রাজনৈতিক স্বার্থে সাংবিধানিক প্রতিষ্ঠানকে হেয় করছে। অন্যদিকে, তৃণমূল নেতাদের পাল্টা যুক্তি, “আমরা রাষ্ট্রপতির পদকে যথাযথ সম্মান করি, কিন্তু রোজাদার সাংসদদের পক্ষে প্রাতঃরাশে যোগ দেওয়া অসম্ভব। এটি সম্পূর্ণ ধর্মীয় সংবেদনশীলতার বিষয়, রাজনীতি নয়।”

২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, এই বিতর্ক রাজ্য রাজনীতিকে ততই উত্তপ্ত করে তুলছে। একদিকে বিজেপির অভিযোগ, অন্যদিকে তৃণমূলের সাফাই—সব মিলিয়ে রাষ্ট্রপতি মুর্মুকে কেন্দ্র করে তৈরি হওয়া এই পরিস্থিতি বাংলার রাজনীতির পারদকে আরও বাড়িয়ে দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy