‘রাষ্ট্রপতি বা রাজ্যপালকে বিল অনুমোদনে সময়সীমা বেঁধে দেওয়া যায় না’: চূড়ান্ত রায় সুপ্রিম কোর্টের!

লোকসভা বা বিধানসভায় পাশ হওয়া বিলগুলিতে সম্মতি দেওয়ার জন্য রাষ্ট্রপতি বা রাজ্যপালদের কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া যায় না—এই বিষয়ে চূড়ান্ত রায় দিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। তবে, একই সঙ্গে শীর্ষ আদালত কড়া পর্যবেক্ষণ দিয়েছে যে, রাজ্যপালরা অনির্দিষ্টকালের জন্য বিল আটকে রাখতে পারেন না, যা আদতে গণতান্ত্রিক পদ্ধতি লঙ্ঘন করার সামিল।
প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই ঐতিহাসিক রায় দিয়েছে। বেঞ্চে ছিলেন বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি এএস চান্দুরকর।
সময়সীমা কেন সম্ভব নয়?
‘প্রেসিডেন্সিয়াল রেফারেন্স’ মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমা আরোপ করা কার্যত ‘ক্ষমতা পৃথকীকরণ’-কে অসম্মান করার সামিল। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ হলো, সংবিধানের ২০০ এবং ২০১ অনুচ্ছেদ আদতে সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে এই ভারসাম্য রক্ষার জন্যই তৈরি করা হয়েছে। তাই সময়সীমা আরোপ করলে এর বিপরীত অবস্থানে যাওয়া হবে।
আদালতের নির্দেশে বলা হয়েছে, “আমাদের এই সিদ্ধান্তে আসতে কোনও দ্বিধা নেই যে, সময়সীমা আরোপ করা কার্যত একটি সাংবিধানিক কর্তৃপক্ষের কার্যভারকে কেড়ে নেওয়া।”
রাজ্যপাল অনির্দিষ্টকাল বিল আটকে রাখতে পারবেন না:
সুপ্রিম কোর্ট রাজ্যপালের বিল স্থগিত রাখার ক্ষমতা নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। আদালতের রায় অনুযায়ী, কোনও বিলে রাজ্যপাল সম্মতি না-দিলে সেটি হয় সঙ্গে সঙ্গে ফের বিধানসভায় ফেরত পাঠাতে হবে, নয়তো সম্মতি দিতে হবে। রাজ্যপাল অনির্দিষ্টকাল ধরে কোনও বিল আটকে রাখতে পারবেন না। এটি গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী।
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, রাজ্যপালের কাছে মূলত তিনটি বিকল্প রয়েছে:
বিল স্থগিত রাখা (Holding Bill)
বিলটিতে সম্মতি দেওয়া (Assenting)
বিলটি বিধানসভায় ফেরত পাঠানো (Returning to Assembly)
আদালত রাষ্ট্রপতির রেফারেন্সের (অনুচ্ছেদ ১৪৩) ওপরও একইভাবে নিজেদের পর্যবেক্ষণ জানিয়েছে।
প্রেসিডেন্সিয়াল রেফারেন্স মামলা কী ছিল?
মে মাসের শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের ১৪৩(১) অনুচ্ছেদের অধীনে তাঁর ক্ষমতা প্রয়োগ করে শীর্ষ আদালতের কাছে এই বিষয়ে মতামত জানতে চেয়েছিলেন। রাষ্ট্রপতি ১৪টি প্রশ্ন পাঠিয়ে জানতে চান, রাজ্য বিধানসভা কর্তৃক পাশ হওয়া বিলগুলি রাষ্ট্রপতি বা রাজ্যপালের কাছে পাঠানো হলে আদালত তার উপর কোনও সময়সীমা আরোপ করতে পারে কি না এবং সংবিধানের ২০০ ও ২০১ অনুচ্ছেদের অধীনে রাজ্যপাল ও রাষ্ট্রপতির ক্ষমতা কী। এই রেফারেন্সের উপর কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মতামত নিয়ে গত জুলাই মাস থেকে সাংবিধানিক বেঞ্চে শুনানি চলছিল।