ভারত রাশিয়া থেকে কম দামে তেল কিনে নিজেদের জ্বালানির চাহিদা মেটাচ্ছে, যা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি ভারতকে এই তেল কেনা বন্ধ করার জন্য কড়া হুমকি দিয়েছেন এবং তা না হলে ভারতীয় রপ্তানির ওপর মোটা কর আরোপের হুঁশিয়ারি দিয়েছেন।
ট্রাম্প সাংবাদিকদের কাছে বলেছেন, ‘মোদী রাশিয়া থেকে তেল না কেনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনও কিনছেন। এমনটা চললে মোটা কর আরোপ করা হবে।’ আমেরিকা ইতিমধ্যেই নিজেদের দেশে ভারতীয় রপ্তানির ওপর কর বাড়িয়েছে।
ট্রাম্পের মূল বক্তব্য, ভারত রাশিয়া থেকে তেল কিনে প্রকারান্তরে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে। তাঁর দাবি, তেলের এই আয় রাশিয়ার সেনাবাহিনীকে শক্তিশালী করছে। রাশিয়াকে আর্থিকভাবে দুর্বল করতে হলে ভারতকে অবিলম্বে তেল কেনা বন্ধ করতে হবে।
যদিও ভারত শুরু থেকেই এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ভারতের দাবি, রাশিয়া থেকে তেল কেনা রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নয়, বরং দেশের জ্বালানি সুরক্ষা ও জাতীয় স্বার্থের প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ট্রাম্প প্রশাসন এই যুক্তি মানতে নারাজ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই নতুন এবং সরাসরি হুমকির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার কী পদক্ষেপ নেয় এবং আন্তর্জাতিক চাপের মোকাবিলা কীভাবে করে, সেদিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।