ভারতীয় বায়ুসেনার অস্ত্রভাণ্ডারে সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান হল ‘দাসো রাফাল’। এবার সেই ফরাসি যুদ্ধবিমানের প্রযুক্তিতে বড়সড় রদবদল ঘটিয়ে ‘আত্মনির্ভর’ হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, রাফাল বিমানের ‘ফ্লাইট ডেটা রেকর্ডার’ (FDR) বা ব্ল্যাক বক্স বিশ্লেষণের জন্য এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সফটওয়্যার ব্যবহার করা হবে।
বর্তমানে ভারতের হাতে ৩৬টি রাফাল বিমান রয়েছে এবং আরও ১১৪টি বিমান সংগ্রহের প্রক্রিয়া চলছে। কিন্তু রাফালের সাথে আসা বর্তমান এফডিআর সফটওয়্যারটি অত্যন্ত জটিল এবং ধীরগতির। এটি প্রস্তুতকারক সংস্থার (OEM) দেওয়া একটি নির্দিষ্ট কম্পিউটারে সীমাবদ্ধ থাকায় বায়ুসেনার ঘাঁটির বাইরে থেকে ডেটা বিশ্লেষণ করা অসম্ভব হয়ে পড়ে। এই সমস্যার স্থায়ী সমাধান করতেই ভারতীয় ইঞ্জিনিয়ার ও দেশীয় শিল্পসংস্থাগুলিকে সাথে নিয়ে আধুনিক ও দ্রুতগতির সফটওয়্যার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই সফটওয়্যারটি হবে অনেক বেশি ইউজার-ফ্রেন্ডলি, যা সহজেই ল্যাপটপ বা পিসিতে ব্যবহার করা যাবে। এটি রাফালের ৪০০টিরও বেশি ফ্লাইট প্যারামিটার অত্যন্ত নিখুঁতভাবে এবং বুদ্ধিমত্তার সাথে বিশ্লেষণ করতে পারবে। বায়ুসেনার ভাঁড়ারে এখন সি-১৩০জে সুপার হারকিউলিস, অ্যাপাচে এবং চিনুকের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান ও কপ্টার রয়েছে। তাই এমন একটি সার্বজনীন ‘ডেটা মাইনিং স্যুট’ তৈরির পরিকল্পনা করা হয়েছে যা সব ধরনের বিমানের তথ্য একযোগে প্রসেস করতে পারবে। এই পদক্ষেপ কেবল প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণতা আনবে না, বরং যুদ্ধের সময় যান্ত্রিক ত্রুটি দ্রুত শনাক্ত করে রাফালকে আরও ঘাতক করে তুলবে।





