রান্নার গ্যাস নিয়ে গুজব ছড়ালেই জেল! আমজনতাকে আশ্বস্ত করে চরম হুঁশিয়ারি মোদির

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে দেশজুড়ে তৈরি হওয়া এলপিজি (LPG) সংকট নিয়ে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দিল্লির ‘NXT’ সামিটে ভাষণ দেওয়ার সময় তিনি দেশবাসীকে আশ্বস্ত করার পাশাপাশি একদল স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, সংকটের সুযোগ নিয়ে কিছু মানুষ সাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে নিজেদের রাজনৈতিক অ্যাজেন্ডা পূরণের চেষ্টা করছে, যা দেশের স্বার্থের পরিপন্থী।

প্রধানমন্ত্রী বলেন, “পশ্চিম এশিয়ায় ইজরায়েল-ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে ঠিকই, কিন্তু ভারত সরকার তার মোকাবিলায় বদ্ধপরিকর।” তিনি জানান, ইতিমিধ্যেই একাধিক বিশ্বনেতার সঙ্গে তাঁর কথা হয়েছে এবং বিকল্প পথে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। যারা এই কঠিন সময়ে রান্নার গ্যাসের কালোবাজারি বা মজুতদারি করছে, তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছেন, যেন প্রতিটি রাজ্যে কড়া নজরদারি চালিয়ে কালোবাজারি রুখে দেওয়া হয়।

বিরোধী বা সমালোচকদের বিঁধে মোদি বলেন, এটি রাজনীতি করার সময় নয়। যারা আতঙ্ক ছড়াচ্ছে, তারা আসলে নিজেদের আসল রূপ প্রকাশ করে দিচ্ছে। কোভিড অতিমারি বা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো চ্যালেঞ্জ ভারত যেভাবে জয় করেছে, এই সংকটও সেভাবেই কাটানো হবে বলে তিনি দাবি করেন। তাঁর কথায়, “বিশ্ব আজ ভারতের দিকে তাকিয়ে আছে, আর আমরা আমাদের জ্বালানি নিরাপত্তা রক্ষায় কোনো খামতি রাখব না।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy